দরিদ্রদের আর্থিক অন্তর্ভুক্তির জন্য সম্মাননা পেলেন গভর্নর আতিউর
সর্বোচ্চ সংখ্যক দরিদ্র মানুষকে আর্থিক অন্তর্ভুক্তি কর্মসূচিতে সম্পৃক্ত করে বিশ্ব রেকর্ড গড়ার কৃতিত্বের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানকে সম্মাননা দিয়েছে হংকংভিত্তিক ওয়ার্ল্ড রেকর্ড অ্যাসোসিয়েশন।

বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দামের স্থিতিশীলতা ও আর্থিক খাতের সক্ষমতা নিশ্চিতের তার মূল দায়িত্বের পাশাপাশি গভর্নর গত সাড়ে তিন বছরে বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর জন্য প্রায় ৯০টি আর্থিক অন্তর্ভুক্তি কর্মসূচিতে অংশ নিয়েছেন।
এ কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে, ব্যবসায় সামাজিক দায়বদ্ধতাকে সহায়তা করা, কৃষিখাতে ঋণ দেওয়া, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, নবায়নযোগ্য জ্বালানি, নারী উদ্যোক্তা এবং ব্যাংকবিহীন ও সেবার আওতা বহির্ভূত জনগোষ্ঠীর জন্য মোবাইল ব্যাংকিং চালুসহ অন্যান্য আর্থিক সেবা চালু করা।
ড. আতিউরের উদ্যোগে কৃষক ও অতি দরিদ্রদের জন্য ন্যূনতম ১০ টাকায় ব্যাংক হিসাব চালুর মাধ্যমে সরকারের কৃষি ভর্তুকি ও সামাজিক নিরাপত্তা থাতে স্বচ্ছতার উন্নয়ন ঘটেছে।
তার আর্থিক অন্তর্ভুক্তি কর্মসূচির অন্যতম মাইলফলক হলো, প্রায় পাঁচ লাখ বর্গা চাষীকে বেসরকারি সংস্থা ব্র্যাকের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়িত তহবিল থেকে ঋণ দেওয়া।