ফ্লাইওভার ধস: চউক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
চট্টগ্রামের বহদ্দারহাটে নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার ভেঙে হতাহতের ঘটনায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান আবদুচ ছালামসহ ছয়জনের বিরুদ্ধে আদালতে একটি মামলা হয়েছে।
চট্টগ্রামের বহদ্দারহাটে নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার ভেঙে হতাহতের ঘটনায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান আবদুচ ছালামসহ ছয়জনের বিরুদ্ধে আদালতে একটি মামলা হয়েছে।
বাংলাদেশ নাগরিক অধিকার ফাউন্ডেশেনের মহাসচিব যাদব চন্দ্র শীল বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে এ মামলা করেন।
এতে ছয় জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১০-১৫ জনকে আসামি করা হয়েছে।
মহানগর হাকিম নূরে আলম ভূঁইয়া অভিযোগ আমলে নিয়ে তদন্তের ভিত্তিতে ব্যবস্থা নেয়ার জন্য চান্দগাঁও থানার ওসিকে নির্দেশ দিয়েছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বাদির আইনজীবী মোশাররফ হোসেন ভূঁইয়া।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বহদ্দারহাটে নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার ভেঙে মানুষের মৃত্যু কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, মানবসৃষ্ট দুর্যোগ। কর্তব্যে অবহেলা এবং ফ্লাইওভার নির্মাণ কাজে যথাযথ নিয়ম পালন না করায় হতাহতের অভিযোগে এ মামলা করা হয়েছে।”
এ মামলার মূল আসামি আবদুচ ছালাম ক্ষমতাসীন আওয়ামী লীগেরও একজন নেতা। তিনি নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ।
অপর আসামিরা হলেন- চউকের প্রধান প্রকৌশলী নাসির উদ্দিন মাহমুদ চৌধুরী,
ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটকো পারিশার স্বত্ত্বাধীকারী জাহাঙ্গীর সাত্তার টিংকু, মীর আক্তার-পারিশা (জেভি) এর ব্যবস্থাপনা পরিচালক আবদুর রাজ্জাক, পরামর্শক প্রতিষ্ঠান এসএআরএমের এম এ মতিন এবং বহদ্দারহাট ফ্লাইওভার প্রকল্পের পরিচালক চউকের নির্বাহী প্রকৌশলী এএএম হাবিবুর রহমান।
গত ২৪ নভেম্বর সন্ধ্যায় বহদ্দারহাট ফ্লাইওভারের তিনটি গার্ডার ভেড়ে পড়ে অন্তত ১৩ জন নিহত হয়। কয়েক মাস আগেও একটি গার্ডার ভেঙে পড়ে একজন আহত হয়।
এ দুর্ঘটনার পর অভিযোগ উঠেছে, যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না নিয়েই নির্মাণ কাজ চালাচ্ছে ঠিকাদার ও কর্তৃপক্ষ।
গার্ডার ভেঙে পড়ার দুই দিন পর কর্তব্যে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে ওই প্রকল্পের পরিচালক চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) নির্বাহী প্রকৌশলীসহ ২৫ জনের বিরুদ্ধে একটি মামলা করে পুলিশ।
প্রকল্প পরিচালক চউকের নির্বাহী প্রকৌশলী হাবিবুর রহমানসহ তিন প্রকৌশীকে ইতোমধ্যে বরখাস্ত করা হয়েছে ।
দুর্ঘটনার পর চট্টগ্রাম জেলা প্রশাসন, চউক ও গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষে পৃথক তিনটি তদন্ত কমিটি করা হয়। এর মধ্যে দুটি কমিটি কাজও শুরু করেছে।
