শ্রমিক নিরাপত্তায়ও নজর দিন: প্রধানমন্ত্রী
আশুলিয়ার মতো ঘটনা যাতে আর না ঘটে সেজন্য সজাগ থাকার পাশাপাশি শিল্প-কারখানায় শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আশুলিয়ার মতো ঘটনা যাতে আর না ঘটে সেজন্য সজাগ থাকার পাশাপাশি শিল্প-কারখানায় শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার রাজধানীতে টেক্সটাইল পণ্যের প্রদর্শনী টেক্সবাংলা-২০১২ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন এবং চট্টগ্রামে ফ্লাইওভার ভেঙে হতাহতের ঘটনায় তদন্ত প্রতিবেদন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
বক্তব্যের শুরুতেই আশুলিয়া ও চট্টগ্রামে নিহতদের স্মরণে একদিনের জাতীয় শোক পালনের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
ওই দুই ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে সরকার প্রধান বলেন, “তদন্ত হচ্ছে। প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
গত শনিবার আশুলিয়ায় তাজরিন ফ্যাশনসে ওই ভয়াবহ আগুনে ১১০ জনের মৃত্যুর ঘটনাকে ‘দুঃখজনক ও অনাকাক্সিক্ষত’ হিসাবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, “এই ঘটনা যেন আগামীতে না ঘটে সেজন্য সজাগ থাকতে হবে। এ রকম ঘটনা অতীতেও ঘটেছিল।”
“অর্থের প্রলোভন দেখিয়ে আগুন লাগানোর চেষ্টা করা হয়েছিল”, বলেন প্রধানমন্ত্রী।
সোমবার সংসদে এ বিষয়ে অনির্ধারিত আলোচনায়ও আশুলিয়ার ঘটনাকে নাশকতা হিসাবে উল্লেখ করেছিলেন তিনি।
শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে শেখ হাসিনা টেক্সবাংলার অনুষ্ঠানে কারখানা মালিকদের উদ্দেশে বলেন, “এদিকে আপনাদের আরেকটু দৃষ্টি দিতে হবে। শ্রমিকদের আরো প্রশিক্ষণ দিতে হবে। এখন উন্মুক্ত বিশ্ব, প্রতিযোগিতা করে বিশ্ববাজারে টিকে থাকতে হবে।”
পানির উৎস নষ্ট না করার আহবান জানিয়ে তিনি বলেন, “এবার আগুন নেভাতে পানির অভাব হয়েছিল। আশুলিয়ার মতো জায়গায় পানি পাওয়া যায়নি- এর থেকে দুঃখজনক কী হতে পারে।”
বিশেষ অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, “আমাদের সজাগ থাকতে হবে। যখন যে খাতে প্রসার ঘটে তখন শত্রু বাড়ে। একটি প্রতিষ্ঠানের দরজা নেই বলে মানুষ মারা গেলো- তা নয়। এর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র আছে।”
অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা খতিয়ে দেখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, জেলা প্রশাসন, পুলিশ ও ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে আলাদা তদন্ত কমিটি করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত দলকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
