আইনজীবী সমন্বয় পরিষদে ভাঙন
আব্দুল বাসেত মজুমদারকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন হয়েছে। অন্য সভায় সাহারা খাতুনকে আহ্বায়ক করে গঠিত হয়েছে সম্মেলন প্রস্তুতি কমিটি।
বিভেদের মধ্যে বার কাউন্সিল নির্বাচনে পরাজয়ের পর এবার ভেঙে গেছে সরকার সমর্থক আইনজীবী সংগঠনগুলোর মোর্চা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ।
শনিবার দুই ভাগে বিভক্ত পরিষদের মধ্যে আব্দুল বাসেত মজুমদারের নেতৃত্বে পক্ষটি আলাদা সভা করে কমিটির নতুন আহ্বায়কের নাম ঘোষণা করে শিগগিরই পূর্ণ কমিটি গঠনের ঘোষণা দিয়েছে।
এম আমীর-উল ইসলাম নেতৃত্বাধীন অন্য পক্ষ সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করে পাঁচ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে।
বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান বাসেতের সমাবেশে উপস্থিত ছিলেন সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতি-লীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী।
অন্যদিকে ব্যারিস্টার আমীরের সমাবেশে ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিম-লীর আরেক সদস্য সাহারা খাতুন।
বাসেত মজুমদারের নেতৃত্বে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় তাকে আহ্বায়ক করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।
ঐক্যের আহ্বান জানিয়ে সকালে এই সভা উদ্বোধন করেন সাজেদা চৌধুরী। এতে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
এই পক্ষের সভামঞ্চে আয়োজক সংগঠন হিসাবে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের নাম লেখা থাকলেও বক্তারা তাদের বক্তব্যে এটাকে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রতিনিধি সভা হিসাবে আখ্যায়িত করেন।
সভায় বিতরণ করা অনুষ্ঠানসূচি এবং সভাস্থলের বাইরের বিভিন্ন জায়গায় টানানো ব্যানারেও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের নাম ছিল।
সমন্বয় পরিষদ যে সংগঠনগুলো নিয়ে গঠিত, সেগুলো হচ্ছে- বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ, আওয়ামী আইনজীবী পরিষদ, গণতান্ত্রিক আইনজীবী সমিতি, জাতীয় আইনজীবী পরিষদ ও জাতীয় আইনজীবী ফেডারেশন।
দুপুরের পর গণতান্ত্রিক আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এম এ কুদ্দুস সমন্বয় পরিষদের আহ্বায়ক হিসাবে আবদুল বাসেত মজুমদারের নাম প্রস্তাব করেন। উপস্থিত শরিক সংগঠনের নেতারা এই প্রস্তাবে সম্মতি দেয়।
অন্যদিকে দুপুরে শহীদ শফিউর রহমান মিলনায়তনে সমন্বয় পরিষদের বর্তমান আহ্বায়ক এম আমীর উল ইসলামের নেতৃত্বে মন্ত্রী সাহারা খাতুনের উপস্থিতিতে পরিষদের সাংগঠনিক সভা শুরু হয়।
সভায় অ্যাডভোকেট সাহারা খাতুনকে আহ্বায়ক ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মো. মোমতাজ উদ্দিন মেহেদিকে সদস্য সচিব করে ১০১ সদস্যের সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়।
ক্ষমতাসীন দলের সব আইনজীবী সংসদ সদস্যদের এই কমিটির সদস্য হিসাবে রাখার কথা জানানো হয়। বরিশাল সিটি কর্পোরেশন এবং টঙ্গী পৌরসভার মেয়রকেও এই কমিটিতে রাখার কথা ঘোষণা করা হয়।
বার কাউন্সিল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কমিটিতে থাকা সরকার সমর্থক সদস্যদেরকেও এ কমিটিতে রাখার কথা জানানো হয়।
ব্যারিস্টার আমীর বলেন, “আমরা কাউকে বাদ দিতে চাই না। আমরা মনে করি, শরিক সব সংগঠনে এমন অনেকে রয়েছেন, ব্যাথী। তাই তাদের সব সংগঠন থেকেও আমরা দুজন করে প্রতিনিধি রাখতে চাই।”
অন্য সভায় আহ্বায়ক নির্বাচিত হওয়ার পর বাসেত মজুমদার বলেন, “এই দায়িত্ব অর্পণের মধ্যে কোনো চক্রান্ত নেই। কোনো মহল যদি ষড়যন্ত্র করতে চান, আমি তাদেরকে বলতে চাই- তাতে আমাদের কিছুই হবে না। তাতে তাদের সময় নষ্ট হবে। এর চেয়ে ভালো আপনারা আপনাদের কাজে ফিরে যান।”
এদিকে প্রস্তুতি কমিটি ঘোষণার সময় ব্যারিস্টার আমীর বলেন, “আজ যে ঘটনাটি ঘটে গেল, এর চেয়ে লজ্জাজনক ঘটনা আমার জীবনে আর আসেনি। যেখানে আমি সমন্বয় পরিষদের আহ্বায়ক হিসাবে একটি সভায় সভাপতিত্ব করছি, সেখানে আরেকটি কমিটি ঘোষণা করা হয়েছে।”
“মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তির মধ্যে এই দ্বিধা-বিভক্তি আমাদের জন্য বড় ক্ষতি। আমি বিশ্বাস করি, আমরা এই বিভক্তি-দ্বন্দ্ব থেকে বেরিয়ে আসতে পারব,” আশা প্রকাশ করেন তিনি।
এই সভায় অ্যাডভোকেট সাহারা খাতুন বলেন, আমরা আইনজীবীর সব সময় ঐক্যবদ্ধ থাকতে চেয়েছি এবং থেকেছিও। কিন্তু তারপরও বাসেত মজুমদারের নেতৃত্বে আরেকটি সমন্বয় পরিষদের প্যানেল ঘোষণা করা হয়েছে। একটি কমিটি থাকার পরও আরেকটি কমিটি ঘোষণা করা হয়েছে। এটা ঠিক হয়নি।
অন্যদিকে বাসেত মজুমদারকে আহ্বায়ক ঘোষণার আগে দেয়া বক্তব্যে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সমন্বয় পরিষদের নতুন নেতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানান।
তিনি বলেন, ত্রয়োদশ সংশোধনী, কোকোর অর্থ পাচারসহ জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সমন্বয় পরিষদের সরব থাকা উচিত ছিলো। কিন্তু তারা থাকে নাই।
“জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে কথা বলবেন না, তাহলে সমন্বয় পরিষদের দরকার কি?”
সকালে এই পক্ষের সভা উদ্বোধনের সময় সাজেদা চৌধুরী বলেন, “প্রগতিশীল আইনজীবী-রাজনীতিক সবাইকে এক থাকতে হবে, বিভেদ সৃষ্টি করা যাবে না। এক থাকলে স্বাধীনতা বিরোধীরা মাথা তুলে দাঁড়াতে পারবে না।
“যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছি। এটা ছিল আমাদের নির্বাচনী অঙ্গীকার। আমাদের সরকারের আমলেই এই বিচার সুসম্পন্ন হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।”
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক লায়েকুজ্জামান মোল্লা, আওয়ামী আইনজীবী পরিষদের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ ইস্রাফিল, গণতান্ত্রিক আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শেখ আখতার উল ইসলাম, জাতীয় আইনজীবী ফেডারেশনের সভাপতি শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক জহিরুল আলম বাবর।
এই অংশের আমন্ত্রণপত্রে প্রধান অতিথি হিসাবে আইনমন্ত্রীর নাম থাকলেও তিনি অনুষ্ঠানে আসেননি।
ঢাকা বারের সাবেক সভাপতি আবু সাইদ সাগর, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক এসএম মুনীর, বশির আহমেদ, এএম আমিন উদ্দিন, শ ম রেজাউল করিম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আলতাফ উদ্দিন আহমেদও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অন্যদিকে ব্যারিস্টার আমীরের নেতৃত্বাধীন অংশের সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও বার কাউন্সিলের সদস্য সৈয়দ রেজাউর রহমান, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির জ্যেষ্ঠ সহ-সভাপতি কে এম সাইফুদ্দিন আহমেদ, সাবেক সহ-সভাপতি জগলুল হায়দার আফ্রিক ও ঢাকা কোর্টের পিপি আবদুল্লাহ আবু প্রমুখ।
বাসেত মজুমদার নেতৃত্বাধীন অংশ সমন্বয় পরিষদের নামে শনিবারের এই প্রতিনিধি সমাবেশ ডাকলে দুই পক্ষে উত্তেজনা দেখা দেয়। গত বুধ ও বৃহস্পতিবার দুই পক্ষ সুপ্রিম কোর্টের উত্তর ও দক্ষিণ হলে পাল্টাপাল্টি সমাবেশও করে।
এ সময় আমীর নেতৃত্বাধীন অংশ একইস্থানে আলোচনা সভা করার ঘোষণা দিলে উত্তেজনা চরমে উঠে। বৃহস্পতিবার বাসেত মজুমদারদের নামে বরাদ্দ নেওয়া শফিউর রহমান মিলনায়তনের বরাদ্দ বাতিল করা হয়। পরে বৃহস্পতিবার রাতে এক সমঝোতা বৈঠকে দুই পক্ষ আলাদাভাবে কর্মসূচি পালনে রাজি হয়।
বিভক্তির মধ্যে নির্বাচনে অংশ নিয়ে সম্প্রতি বার কাউন্সিল নির্বাচনে পরাজিত হয় সরকারপন্থী আইনজীবীরা। স্বাধীনতার পর এটাই বার কাউন্সিলের সমন্বয় পরিষদের প্রথম হার।
১৯৮২ সালে এরশাদের ক্ষমতারোহণের কয়েকমাসের মধ্যে সারা দেশের আইনজীবীরা সরকারবিরোধী বিভিন্ন কর্মসূচি দেওয়া শুরু করে। পরিণামে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিসহ সারা দেশের আইনজীবী নেতা গ্রেপ্তার হন।
ওই সময় আন্দোলনকে আরো চাঙ্গা করতেই আইনজীবী সমিতি সমূহের সমন্বয় পরিষদ গঠন করা হয়। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসাবে অ্যাডভোকেট শামসুল হক চৌধরী পরিষদের প্রথম আহ্বায়ক এবং সম্পাদক আবদুল বাসেত মজুমদার পরিষদের সদস্য সচিব নির্বাচিত হন।
এই জোটে আওয়ামী লীগ ও অন্যান্য প্রগতিশীল দল সমর্থিত সংগঠনগুলো ছাড়াও বিএনপি সমর্থিতরাও ছিলেন। ১৯৯১ সালের নির্বাচনের পরে বিএনপি সমর্থিতরা বের হয়ে যায় এই জোট থেকে বের হওয়ার পর এর নাম হয় সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ।
সর্বশেষ বর্তমান সরকার ক্ষমতায় আসার পর জাতীয় পার্টি সমর্থিত জাতীয় আইনজীবী ফেডারেশনও এই জোটে যোগ দেয়।
২০০৪ সালের ১২ মার্চ পরিষদের সর্বমেষ কমিটি হয়, যেখানে ব্যারিস্টার আমীর উল ইসলামকে আহ্বায়ক ও সুব্রত চৌধুরীকে সদস্য সচিব করা হয়। দুই বছরের জন্য এই কমিটি করা হয়েছিলো।
