সু চির বক্তব্যের প্রতিবাদ
রোহিঙ্গাদের বাংলাদেশি উল্লেখ করে অং সান সু চির দেয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়ে দীপু মনি বলেছেন, এই বক্তব্য মিয়ানমার সরকারের অবস্থানের বিরোধী।
রোহিঙ্গাদের বাংলাদেশি উল্লেখ করে অং সান সুচির দেয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি রোববার এক বিবৃতিতে বলেন, মিয়ানমারের বিরোধী নেত্রীর বক্তব্যে বাংলাদেশকে হতবাক করেছে।
“এটা গত কয়েক বছর ধরে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সরকারের অবস্থানের বিরোধী।”
মিয়ানমারে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের নেত্রী সু চি কয়েকদিন আগে ভারত সফরে এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, “মিয়ানমারের রোহিঙ্গারা বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসী।”
পররাষ্ট্রমন্ত্রী বলেন, “ঐতিহাসিকভাবে এটা প্রমাণিত যে রোহিঙ্গারা মিয়ানমারের রাখাইন রাজ্যে শত শত বছর ধরে বাস করছে। আর বাংলাদেশ রাষ্ট্রের জন্ম ১৯৭১ সালে। বিভিন্ন সময় মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতির কারণে অনেক রোহিঙ্গা বাংলাদেশে পাড়ি জমিয়েছে।”
প্রতিবেশী দেশ মিয়ানমারে দমন-পীড়নের মুখে দুই যুগ আগে থেকে বাংলাদেশে ঢুকতে থাকে ইসলাম ধর্মাবলম্বী রোহিঙ্গারা। এই সংখ্যা এখন ৫ লাখের বেশি।
দীর্ঘদিন ধরে শরণার্থীদের চাপ বহন করে আসা বাংলাদেশ রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বলে এলেও মিয়ানমারের পক্ষ থেকে গত কয়েক বছরে কার্যকর পদক্ষেপ নেয়া হচ্ছে না।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ পুরো এই সমস্যা সমাধানে মিয়ানমারের সঙ্গে কাজ করছে এবং দেশটির সঙ্গে পারস্পরিক সম্পর্ক জোরদারের চেষ্টা চালাচ্ছে।
“বাংলাদেশ আশা করে মিয়ানমারের সব পক্ষই এই ধরনের ভিত্তিহীন বক্তব্য থেকে বিরত থাকবে।”
১৯৯২-৯৩ সালে রোহিঙ্গাদের সবচেয়ে বড় দল বাংলাদেশে ঢুকে আসে। তখন ২ লাখ ৫০ হাজার ৮৭৭ জন রোহিঙ্গা বাংলাদেশে এসেছিল। এর মধ্যে ২ লাখ ৩৬ হাজার ৫৯৯ জনকে ফেরত পাঠানো হয় বলে মন্ত্রণালয় জানায়।
দীপু মনি বলেন, মিয়ানমার যাচাই-বাছাইয়ের মাধ্যমে ইতোমধ্যেই ২ লাখ ৩৬ হাজার ৫৯৯ জন রোহিঙ্গাকে ফিরিয়ে নিয়েছে। তাই তারা বাংলাদেশ থেকে মিয়ানমারে অবৈধ অভিবাসী হওয়ার প্রশ্নই ওঠে না।
প্রথম দফায় আসা বাকি রোহিঙ্গারা তাদের সন্তান-সন্তুতিসহ কক্সবাজারে দুটি শরণার্থী শিবিরে অবস্থান করছেন।
তবে বিভিন্ন সময়ে ঢুকে পড়া চার থেকে পাঁচ লাখ রোহিঙ্গা রয়েছে শিবিরের বাইরে।
হিসাবের বাইরে থাকা এসব রোহিঙ্গার পরিচয় নিশ্চিত হয়ে তাদের ফিরিয়ে নেয়ার প্রতিশ্রুতি বিভিন্ন সময় মিয়ানমারের পক্ষ থেকে দেয়া হয়েছে।
মিয়ানমারের আরাকানে কয়েকমাস আগে দাঙ্গা শুরু হলে রোহিঙ্গারা আবারো দলে দলে বাংলাদেশে ঢোকার চেষ্টা চালায়। তবে এবার বাংলাদেশ তাদের ঢুকতে দেয়নি।
রোহিঙ্গাদের এবার ঢুকতে না দেয়ায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সমালোচনা রয়েছে। তবে বাংলাদেশ বলছে, কয়েক লাখের পর নতুন শরণার্থীর চাপ সামলানো কঠিন।
