মহানগর দায়রা জজকে হাই কোর্টে তলব
সন্ত্রাসবিরোধী আইনের মামলার তদন্ত প্রতিবেদন আমলে নেয়ার ক্ষেত্রে যথাযথ আইন অনুসরণ না করার অভিযোগে মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. জহুরুল হক এবং দুই পুলিশ কর্মকর্তাকে তলব করেছে হাই কোর্ট।
সন্ত্রাসবিরোধী আইনের মামলার তদন্ত প্রতিবেদন আমলে নেয়ার ক্ষেত্রে যথাযথ আইন অনুসরণ না করার অভিযোগে মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. জহুরুল হক এবং দুই পুলিশ কর্মকর্তাকে তলব করেছে হাই কোর্ট।
বিচারপতি ইনায়েতুর রহিম ও মো. আকরম হোসেন চৌধুরীর বেঞ্চ সোমবার এ আদেশ দেয়।
দুই পুলিশ কর্মকর্তা হলেন- মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান বিশ্বাস ও শেরে বাংলানগর থানার এসআই মো. নজরুল ইসলাম।
আগামী ২৬ নভেম্বর তাদের আদালতে হাজির হতে বলা হয়েছে।
সন্ত্রাসবিরোধী আইনে করা দুটি মামলায় চার আসামির জামিনের আবেদনের শুনানি করে হাই কোর্ট এ আদেশ দেয়।
গত ১৮ অক্টোবর করা ওই জামিন আবেদনের শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা বলেন, “দুটি মামলার তদন্ত এবং অপরাধ আমলে নেয়ার ক্ষেত্রে আইন মানা হয়নি।”
সন্ত্রাসবিরোধী আইনের ৪০ (১) ধারায় বলা হয়েছে, জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতিরেকে কোনো পুলিশ কর্মকর্তা এই আইনের অধীনে কোনো অপরাধ তদন্ত করতে পারবে না। আর ৪০ (২) ধারায় বলা হয়, সরকারের অনুমতি ব্যতিরেকে কোনো আদালত এই আইনের অধীনে কোনো অপরাধ বিচারার্থে আমলে নিতে পারবে না।
আবেদনকারীর আইনজীবী কুমার দেবুন দে বলেন, হিজবুত তাহরিরের সদস্য সন্দেহে গ্রেপ্তার নূর মো. খোকা ও সাফায়াত জামিল সোহাগের বিরুদ্ধে গত ২৫ জুন মোহাম্মদপুর থানায় এবং মো. আরিফুল ইসলাম ও মো. আরিফ করিমের বিরুদ্ধে ১১ জুন শেরে বাংলানগর থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলা হয়। কিন্তু তদন্তের ক্ষেত্রে ওই আইন মানা হয়নি।
এছাড়া গত ৪ অক্টোবর মোহাম্মদপুর থানার এবং ২০ সেপ্টেম্বর শেরে বাংলানগর থানার মামলা দুটিতে আসামিদের বিরুদ্ধে অপরাধ আমলে নেয়ার ক্ষেত্রেও বিচারক মো. জহুরুল হক আইন অনুসরণ করেননি।
আবেদনকারীর যুক্তি শুনে হাই কোর্ট সন্ত্রাসবিরোধী আইনের ব্যাখ্যা চেয়ে বিচারক ও পুলিশ কর্মকর্তাদের তলবের আদেশ দেয়।
রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদেশের সময় আদালতে ছিলেন।
