২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেলারুশের প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা পৌঁছেছেন বেলারুশের প্রধানমন্ত্রী মিখাইল মিয়াসনিকোভিচ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2012, 12:20 PM

Updated : 24 Aug 2022, 12:27 PM

তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা পৌঁছেছেন বেলারুশের প্রধানমন্ত্রী মিখাইল মিয়াসনিকোভিচ।

তাকে বহনকারী বিমানটি বেলা ২টা ৫০ এ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাগত জানান।

বিমানবন্দরে বেলারুশ নেতাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। একটি শিশু ফুল দিয়ে বরণ করে নেয় মিখাইল মিয়াসনিকোভিচ। নিরাপত্তা বাহিনীর একদল চৌকস সদস্য তাকে গার্ড অব অনার দেয়।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি, শিল্পমন্ত্রী দীলিপ বড়–য়া, সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ, বাণিজ্যমন্ত্রী জি এম কাদের, আইনমন্ত্রী শফিক আহমেদ, তিন বাহিনীর প্রধান এবং সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারা এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

এই সফরে হোটেল সোনারগাঁওয়ে অবস্থান করবেন মিখাইল মিয়াসনিকোভিচ। এ সময় দুই দেশের মধ্যে ১০টির বেশি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি গত মে মাসে বেলারুশ সফর করেন। সে সময়ই তিনি শেখ হাসিনার পক্ষ থেকে সে দেশের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সফরের প্রথম দিন মিখাইল মিয়াসনিকোভিচের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বেলারুশের প্রধানমন্ত্রী। পরে তাদের উপস্থিতিতে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।

মিখাইল মিয়াসনিকোভিচ রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গেও সাক্ষাৎ করবেন। এছাড়া তিনি এফবিসিসিআই প্রতিনিধিদের সঙ্গেও বসবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বেলারুশের ব্যবসায়ীরা বাংলাদেশ থেকে ফার্মাসিউটিক্যাল পণ্য কিনতে আগ্রহী। এর অংশ হিসাবে একটি প্রতিনিধি দল নিয়ে গাজীপুরে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের কারখানা পরিদর্শনে যাবেন মিখাইল মিয়াসনিকোভিচ।

এছাড়া মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে শিক্ষার্থীদের সঙ্গে এক আলোচনায়ও অংশ নেয়ার কথা রয়েছে তার।

তিন দিনের কর্মসূচি শেষে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা ত্যাগ করবেন বেলারুশের নেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএসজেড/জেকে/১৫৩৫ ঘ.