২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাওয়ারা পুরনো ৩ নম্বর ফেরিঘাট পরিত্যক্ত

ফাটল দেখা দেয়ায় মুন্সীগঞ্জের মাওয়ার তিন নম্বর রো রো ফেরিঘাটটি পরিত্যক্ত ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2012, 06:09 PM

Updated : 24 Aug 2022, 12:21 PM

মুন্সীগঞ্জ, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফাটল দেখা দেয়ায় মুন্সীগঞ্জের মাওয়ার তিন নম্বর রো রো ফেরিঘাটটি পরিত্যক্ত ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। সোমবার সকাল থেকে এ ঘাট দিয়ে কোনো ফেরি চলাচল করবে না। রোববার রাতেই শেষ ফেরি চলবে এই ঘাট দিয়ে। বিআইডব্লিউটি’র উপ-পরিচালক আব্দুস ছালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিন নম্বর ফেরিঘাটের কাছে রাতে বড় ধরনের ফাটল দেখা দেওায় কর্তৃপক্ষ ঘাট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। এ ঘাটের পন্টুনটি সরিয়ে লঞ্চ ঘাটের পাশে চৌরাস্তামুখী যে নতুন ফেরিঘাটটি করা হয়েছে সেখানে সরিয়ে নেয়া হবে। এটিই হবে এখন মাওয়ার মূল ফেরিঘাট। রোববার সারারাত পুরনো ঘাট দিয়েই যান চলাচল করবে। তবে নতুন স্থানে পন্টুন স্থাপন করতে কত সময় লাগবে, তা জানাতে পারেননি বিআইডব্লিউটিএ কর্মকর্তা। লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম জানান, মাওয়া তিন নম্বর ও দুই নম্বর ফেরিঘাটের মাঝামাঝি পদ্মায় নতুন করে ভাঙন দেখা দিয়েছে। এ দুই ঘাটের মাঝে বেশ কয়েকটি বাড়ি ছিল। বাড়িগুলোতে ফাটল দেখা দেয়ায় ইতোমধ্যে সেখান থেকে লোকজন ঘরদুয়ার ও দোকান-পাট ভেঙে নিতে শুরু করেছে। গত ৯ ও ১৪ অক্টোবর পরপর মাওয়ার পুরনো দুটি ফেরিঘাট পদ্মায় বিলীন হয়ে যায়। তখন একমাত্র তিন নম্বর ফেরিঘাটটি দিয়েই এক সপ্তাহ ধরে মাওয়া-কাওড়াকান্দি নৌপথে যানবাহন পারাপার করা হয়। এতে ঘাট পাড়ি দিতে গিয়ে যাত্রীদেরকে ব্যাপক ভোগান্তির মধ্যে পড়তে হয়। এই পরিস্থিতিতে নৌমন্ত্রী শাজাহান খানের ঘোষণা অনুযায়ী মাওয়ার চৌরাস্তামুখী সড়কের কাছে, ঋষিবাড়ীর কাছে এবং ভাগ্যকূল সড়কমুখী কান্দিপাড়ায় নতুন তিনটি ফেরিঘাট নির্মাণের কথা জানায় কর্তৃপক্ষ। চৌরাস্তামুখী ও ঋষিবাড়ীর কাছের ফেরিঘাট দুটি নির্মাণের পর চালু হলেও ভাগ্যকূল সড়কমুখী কান্দিপাড়া ফেরিঘাটের কাজ এখনো শুরুই হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/০০০৫ ঘ.