ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অধিকাংশ সংসদ সদস্য নেতিবাচক কর্মকাণ্ডে যুক্ত বলে যে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তা তথ্য মন্ত্রণালয়ে জমা দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
গত ১৪ অক্টোবর টিআইবির ওই জরিপ প্রতিবেদন প্রকাশ হলে তা নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হওয়ার পর গত ১৮ অক্টোবর প্রতিবেদনটি চেয়ে টিআইবিকে চিঠি দেয় তথ্য মন্ত্রণালয়।
‘নবম জাতীয় সংসদের সদস্যদের নেতিবাচক ও ইতিবাচক ভূমিকা পর্যালোচনা’ শীর্ষক ওই প্রতিবেদনের তথ্য-উপাত্ত সম্বলিত একটি সিডি রোববার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে টিআইবি রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, “এই গবেষণা প্রতিবেদন সম্পর্কে তথ্যমন্ত্রী তথা সরকারের আগ্রহে আমরা অনুপ্রাণিত। আশা করি, এই প্রতিবেদন ও এতে সম্বলিত সুপারিশগুলোকে ইতিবাচক দৃষ্টিভঙ্গীতে বিশ্লেষণ করে সংশ্লিষ্ট সবাই কার্যকর পদক্ষেপ নেবে।”
টিআইবির এই প্রতিবেদন প্রকাশের রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। স্পিকার আবদুল হামিদও বলেন, “এই ধরনের প্রতিবেদন দেখে সংসদ সদস্য হিসেবে আমিও অপমানিত বোধ করছি।”
এই প্রতিবেদনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন স্পিকার। যে ৬০০ জনের মতামতের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি হয়েছে, তাদের পরিচয়ও জানতে চান তিনি।
ইফতেখারুজ্জামান বলেন, তাদের প্রতিবেদনে জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত গবেষণা পদ্ধতি অনুসরণ করে সংসদ সদস্যদের ইতিবাচক ও নেতিবাচক ভূমিকা পর্যালোচনা করা হয়েছে।
“একে কোনো ব্যক্তি বিশেষের কার্যক্রমের ওপর কোনো প্রকার তদন্ত হিসেবে বিবেচনা করার সুযোগ নেই,” বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসআই/এমকে/এমআই/১৮২৬ ঘ.
bdnews24