২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আপনারাও মুক্তিযোদ্ধা’

মুক্তিযুদ্ধে সহযোগিতার জন্য সম্মাননা পাওয়া বিদেশি বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এ কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2012, 10:32 AM

Updated : 24 Aug 2022, 12:21 PM

সুমন মাহবুব জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধে সহযোগিতার জন্য বিদেশি বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৬১ বিদেশি নাগরিক ও প্রতিষ্ঠানকে ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’ ও ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ দেয়া হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “যতদিন বাংলাদেশ থাকবে, বাংলাদেশের আকাশ, বাতাস আর মাটি থাকবে- আপনাদের অবদান কৃতজ্ঞতার সঙ্গে চিরদিন স্মরণ করা হবে।” বিদেশি বন্ধুদের সম্মাননা জানানোর প্রথম পর্যায়ে গত বছর জুলাইয়ে ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে সর্বোচ্চ সম্মান ‘স্বাধীনতা সম্মাননা’ দেয়া হয়। ইন্দিরার হয়ে তার পুত্রবধূ ও কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ওই সম্মাননা স্মারক গ্রহণ করেন। গত মার্চে দ্বিতীয় পর্বে মুক্তিযুদ্ধে অবদান রাখা ৮৩ জন বিদেশিকে আনুষ্ঠানিকভাবে ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’ ও ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ দেয়া হয়। মুক্তিযুদ্ধ চলাকালে বিশ্ব জনমত তৈরিতে অবদান রাখার জন্য সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেখ হাসিনা বলেন, “আপনারা যে যার অবস্থান থেকে আমাদের সহযোগিতার জন্য হাত বাড়িয়েছিলেন। সমাজ সচেতন মানুষদের উদ্বুদ্ধ করেছিলেন।” “আপনাদের সম্মান জানানোর সঙ্গে সঙ্গে আমরা আমাদের নিজেদেরও সম্মান জানাচ্ছি,” নিজের বুকে হাত রেখে কথাগুলো বলেন প্রধানমন্ত্রী। মন্ত্রিপরিষদ বিভাগ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার বক্তৃতায় বিদেশি বন্ধুদের মুক্তিযোদ্ধা হিসাবে অভিহিত করে বলেন, “বলতে গেলে তারাও এক ধরনের মুক্তিযোদ্ধা।” তিনি বলেন, “আমাদের আগামী প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস জেনে মাথা উচু করে চলুক- এটাই আমাদের লক্ষ্য। বাংলাদেশে সব ধর্ম ও বর্ণের সমান অধিকার রয়েছে এবং তা নিশ্চিত থাকবে।” অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, রাজনীতিবিদ, সাংসদ, তিন বাহিনীর প্রধানসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং মুক্তিযোদ্ধা ছাড়াও মিলনায়তনে দোতলায় রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তব্যের শুরুতে শেখ হাসিনা বলেন, “আমার একটা লিখিত বক্তব্য আছে। সেটা পঠিত বলে গণ্য হবে। আমি এখানে আমরা মনের কথা বলতে চাই।” তিনি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, উপ রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, এম মনসুর আলী এবং কামরুজ্জামানকে স্মরণ করেন। উপস্থিত সবাইকে অভিনন্দন জানানোর পাশাপাশি স্কুলের শিক্ষার্থীদেরও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। এ সময় শিক্ষার্থীরা করতালি দিয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দনের জবাব দেন। এর আগে অনুষ্ঠানের শুরুতে মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূইয়া সম্মাননাপ্রাপ্ত সবার অবদানের কথা উল্লেখ করে ব্রিটিশ সাংবাদিক মার্ক টালির নাম উচ্চারণ করলে পুরো মিলনায়তনে উপস্থিত অতিথিরা দীর্ঘ সময় করতালি দিয়ে তাকে অভিনন্দন জানান। দীর্ঘ করতালি দিতে দেখা যায় ‘একটি ফুলকে বাঁচাবো বলে’, ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’ ও ‘এক সাগর রক্তের বিনিময়ে’ গানগুলির রচয়িতা গোবিন্দ হালদার এবং ‘শোন একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি’ গানের রচয়িতা গৌরি প্রসন্ন মজুমদারের অবদানের বর্ণনার পরও। সম্মাননাপ্রাপ্তদের পক্ষ থেকে বক্তব্য দেন মার্কিন রাজনীতিবিদ ও সমাজ সেবক জোয়ান ডাইন। তিনি বলেন, “আশাকরি মানবতাকে আর সে সময়ের মতো অমানবিক কর্মকা- দেখতে হবে না।” বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দেয়া এই সম্মাননাকে ‘বিরল’ অভিহিত করে জোয়ান ডাইন বলেন, “আমাদের নিজেদের এই ভূখ-ের অংশ মনে হচ্ছে। বাংলাদেশ সৃষ্টিতে আমরা যে যার পক্ষ থেকে ভূমিকা রেখেছি। বাংলাদেশ চিরদিন আমাদের হৃদয়ে থাকবে।” বাংলাদেশের শুভ কামনা করে ‘জয় বাংলা’ বলে বক্তব্য শেষ করেন জোয়ান ডাইন। সবশেষে বক্তব্য রাখেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান। বক্তৃতায় তিনি মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশকে সহযোগিতা করার জন্য দেশের সব নাগরিকদের পক্ষ থেকে সম্মননা প্রাপ্তদের অভিনন্দন জানান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম। পরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তুলেন সম্মাননা প্রাপ্ত এবং তাদের প্রতিনিধিরা। অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার পর মিলনায়তে উপস্থিত অনেকেই ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন। এ সময় প্রধানমন্ত্রী মঞ্চের মাঝে দাঁড়িয়ে ডান হাত মুষ্টিবদ্ধ করে ‘জয় বাংলা’ স্লোগান দেন। সঙ্গে সঙ্গে মিলনায়তনে উপস্থিত সবাই ‘জয় বাংলা’ বলে ওঠেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/১৬২৮ ঘ.