ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের এক সপ্তাহ আগে রাজধানীর ফকিরেরপুলে গুলি চালিয়ে এক ব্যক্তির কাছ থেকে এক লাখের বেশি টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার সকাল ১০টার দিকে ফকিরাপুলের নাভানা ফিলিং স্টেশনের সামনে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
ছিনতাইকারীর গুলিতে আহত খোরশেদ আলম (৩২) মতিঝিলের এসটিএম কর্পোরেশনে চাকরি করেন।
তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার কোমরের নিচে দুটি গুলি লেগেছে।
ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খোরশেদ হেঁটে কর্মস্থলে যাচ্ছিলেন। ওই সময় একটি মোটর সাইকেলে তিনজন ব্যক্তি এসে গুলি চালিয়ে ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়।
খোরশেদ জানিয়েছেন, তার ব্যাগে ১ লাখ ১৫ হাজার টাকা ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমডি/১২৫০ ঘ.
bdnews24