দিনাজপুর, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি নাগরিক দেলোয়ার হোসেনের লাশ ফেরত দিয়েছে বিএসএফ।
বিএসএফ শুক্রবার রাত সাড়ে ৮টায় দেলোয়ারের লাশ ফেরত দেয় বলে জানান বিজিবি-৪০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান।
দেলোয়ার (২৮) ফুলবাড়ী উপজেলার বনিপুর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে। ভারত থেকে গরু আনার সময় শুক্রবার ভোরে ফুলবাড়ীর জলপাইতলী সীমান্তের ৩০৪/৭ সীমান্ত পিলারের অদূরে ভারতের বাসন্তীপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা গুলি করে তাকে হত্যা করে লাশ নিয়ে যায়।
লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে বিজিবি জলপাইতলী ক্যাম্প ও বিএসএফ বাসন্তীপুর ক্যাম্পের মধ্যে কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়।
লাশ হস্তান্তরের সময় দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনী, পুলিশ বাহিনী ও দেলোয়ারের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন বলে জানান বিজিবি কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২২৪৯ঘ.
bdnews24