পাবনা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনায় এক কলেজ ছাত্রীকে হত্যার দায়ে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
দণ্ডিত মো. কেরু (২২) পাবনার চাটমোহর উপজেলার দাথিয়াকয়রাপাড়া গ্রামের আক্কাস আলী আকাইয়ের ছেলে।
বৃহস্পতিবার পাবনার বিশেষ জজ আদালতের বিচারক অমূল্য কুমার সরকার এ রায় দেন বলে জানান ওই আদালতের সরকারি কৌশলী (পিপি) আব্দুস সামাদ খান রতন।
তিনি বলেন, রায়ে কেরুকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, চাটমোহরের দাথিয়াকয়রাপাড়া গ্রামের কুদ্দুস আলী সরকারের মেয়ে এবং মুলগ্রাম কলেজের একাদশ শ্রেণির ছাত্রী রহিমা খাতুনকে (১৭) একই গ্রামের আক্কাস আলীর ছেলে কেরু প্রায়ই উত্যক্ত করত। এ নিয়ে ২০০৭ সালের প্রথমদিকে এক গ্রাম্য সালিশে কেরুকে ভর্ৎসনা করা হয়। তাতে ক্ষুব্ধ হয়ে সে বছর ৩০ এপ্রিল সকালে কলেজে যাওয়ার পথে রহিমাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে কেরু।
দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে ওই হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত হওয়ায় বৃহস্পতিবার আদালত কেরুকে ওই শাস্তি দেয় বলে জানান পিপি রতন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/১৮৩৫ ঘ.
bdnews24