২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মারধরের পর চুল কেটেছে গৃহবধূর

চুরির অভিযোগে বরিশাল নগরীতে এক গৃহবধূকে মারধরের পর মাথা ন্যাড়া করে দিয়েছে চাচা শ্বশুর ও তার স্বজনরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2012, 12:25 PM

Updated : 24 Aug 2022, 12:20 PM

বরিশাল, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-চুরির অভিযোগে বরিশাল নগরীতে এক গৃহবধূকে মারধরের পর মাথা ন্যাড়া করে দিয়েছে চাচা শ্বশুর ও তার স্বজনরা। পুলিশ চাচা শ্বশুর সেকান্দার ও তার মেয়ে রওশন আরাকে আটক করেছে। বুধবার ভোরে মতাসার এলাকায় এ নির্যাতনে আহত নাসিমা বেগমকে (৩৫) বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে। এ ঘটনায় নাসিমার স্বামী কালাম ফকির তার চাচা, চাচাত ভাই, চাচাত বোন ও ভগ্নিপতিকে আসামি করে মামলা করেছেন। কালাম ফকির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জমিজমা নিয়ে চাচা সেকেন্দার ফকিরের সঙ্গে তাদের বিরোধ রয়েছে। এর জেরে বুধবার ভোর রাত সাড়ে ৪টার দিকে তার স্ত্রী নাসিমা ওজু করতে বের হলে চুরির অভিযোগে তাকে আটক করে চাচার পরিবারের লোকজন। এরপর ঘরের সামনে খুঁটির সঙ্গে বেঁধে মারধর করে। এক পর্যায়ে চাচা সেকান্দার, তার মেয়ে রওশন আরা, ছেলে মনির, মনিরের স্ত্রী পুন্নি, রওশনের স্বামী ইব্রাহিমসহ কয়েকজন মিলে নাসিমার চুল কেটে দেয়। পরে খবর পেয়ে সকালে পুলিশ তাকে উদ্ধার করে বলে কালাম ফকির জানান। মহানগরীর কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নাসিমাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আটক সেকান্দার ও তার মেয়ে রওশন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে, বলেন তিনি। আটক রওশন আরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নাসিমা প্রায়ই পুকুরের মাছ, বাগানের সবজিসহ বিভিন্ন জিনিসপত্র চুরি করে। ভোর রাত ৩টার দিকে ক্ষেত থেকে লালশাক চুরির সময় ধরা পড়ে। পরে তাকে দু'য়েকটা চড় দেয়া হয়। তিনি বলেন, “এই সময় আমি (রওশন) নাসিমাকে খুঁটির সঙ্গে বেঁধে দিই। আর ভাইয়ের স্ত্রী পুন্নি চুল কেটে দেয়।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮১৫ ঘ.