২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধের বিচারের প্রভাব সম্পর্কে পড়ছে না: সৌদি দূত

“যুদ্ধাপরাধের বিচার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং এর সঙ্গে দুই দেশের সম্পর্কের কোনো সংশ্লিষ্টতা নেই।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2012, 11:20 AM

Updated : 24 Aug 2022, 12:20 PM

ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন নাসের আল বুশাইরি বলেছেন, একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচার ঢাকা-রিয়াদ সম্পর্কে কোনো প্রভাব ফেলছে না। বুধবার গুলশানে নিজের বাড়িতে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। রাষ্ট্রদূত বলেন, “এটি (যুদ্ধাপরাধের বিচার) বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং এর সঙ্গে দুই দেশের সম্পর্কের কোনো সংশ্লিষ্টতা নেই।” একাত্তরে যুদ্ধাপরাধের বিচারের সম্মুখীন বিএনপি ও জামায়াতে ইসলামীর বেশ কয়েকজন নেতা। এদের মধ্যে গোলাম আযম ও সালাউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে সৌদি আরবের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে মনে করা হয়। বুশাইরি বলেন, “বাংলাদেশের কয়েকজনকে গ্রেপ্তারের কারণে সৌদি আরবে বাংলাদেশিরা হয়রানির শিকার হচ্ছে- এ ধরনের কথা সত্য নয়।” বন্ধুপ্রতীম দেশ হিসেবে বাংলাদেশের সব রাজনৈতিক দলের সঙ্গে সৌদি আরব সুসম্পর্ক রক্ষা করে চলে বলে তার দেশের অবস্থান ব্যাখ্যা করেন রাষ্ট্রদূত। এর মধ্য দিয়ে বাংলাদেশের জনগণই উপকৃত হয় বলে মন্তব্য করেন তিনি। সংবাদ সম্মেলনে সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী হত্যাকাণ্ড নিয়েও কথা বলেন বুশাইরি। তিনি বলেন, বিচারের মাধ্যমে অপরাধীদের শাস্তি দেখতে পেলে সৌদি আরব সরকার পুরোপুরি সন্তুষ্ট হবে। গত ৫ মার্চ গুলশানে গুলি করে হত্যা করা হয় সৌদি নাগরিক খালাফকে। এ ঘটনার প্রায় চার মাসের মাথায় গত ২০ সেপ্টেম্বর পাঁচ ছিনতাইকারীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে গোয়েন্দা পুলিশ। মামলাটি ইতোমধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে। রাষ্ট্রদূত বলেন, “অপরাধীদের গ্রেপ্তার করায় ধন্যবাদ জানিয়ে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সরকারকে একটি চিঠি পাঠিয়েছে। দ্রুত বিচারের মাধ্যমে অপরাধীদের শাস্তি কার্যকর হলে পুরোপুরি সন্তুষ্ট হওয়া যাবে বলেও এতে বলা হয়েছে।” চলতি বছর হজের সব প্রস্তুতি সৌদি আরব সরকার ইতোমধ্যে শেষ করেছে বলে বুশাইরি জানান। হজের মূল আনুষ্ঠানিকতা হবে আগামী ২৫ অক্টোবর। রাষ্ট্রদূত জানান, এই বছর এক লাখ ১১ হাজার বাংলাদেশি হজ করতে সৌদি আরব গেছেন এবং এর মধ্যে ৬০ জন তার দেশের রাজকীয় মেহমান হিসেবে ধর্মীয় এই অনুষ্ঠানে অংশ নেবেন। ওমরাহ পালন বন্ধ করে দেয়ার খবরটি গুজব বলে উড়িয়ে দেন সৌদি রাষ্ট্রদূত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এমআই/১৭৩৯ ঘ.