সিলেট, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অগ্রিম টিকিট না পেয়ে সিলেট রেলওয়ে স্টেশনে যুবলীগের এক কর্মীর নেতৃত্বে ভাংচুর হয়েছে বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে অর্ধশতাধিক লোক ভাংচুরে অংশ নেয় বলে জানিয়েছে রেল স্টেশন কর্তৃপক্ষ। এর নেতৃত্বদাতা হিসেবে যুবলীগকর্মী সোহেরকে চিহ্নিত করেছে তারা।
স্টেশনের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় যুবলীগকর্মী সোহেল আগামী বৃহস্পতিবার রাতের অগ্রিম টিকিট চায়। টিকিট নেই জানালে তিনি ক্ষিপ্ত হয়ে চলে যান।
“এর ১৫ মিনিট পর তার নেতৃত্বে ৫০/৬০ জনের একটি দল লাঠি-সোঁটা, হকিস্টিক নিয়ে স্টেশনে হামলা চালায়,” বলেন তিনি।
আজাদ জানান, হামলাকারীরা টিকিট কাউন্টারের জানালার কাঁচ এবং স্টেশনের প্রধান দুটি ফটক ভাংচুর করে।
সোহেল দক্ষিণ সুরমা থানার বাবনা এলাকার বাসিন্দা।
সিলেট রেলওয়ে পুলিশের ওসি খন্দকার আবুল হাসান জানান, কয়েকজন স্টেশনে আকস্মিকভাবে হামলা চালায়। তবে পুলিশ যাওয়ার আগেই তারা পালিয়ে যায়।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/২৩৩৩ ঘ.
bdnews24