২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে চাকরির ক্ষেত্র সৃষ্টি, দক্ষতা বাড়ানোর তাগিদ

দেশে নতুন চাকরির ক্ষেত্র সৃষ্টির পাশাপাশি কর্মীদের কাজের দক্ষতা বাড়ানোর তাগিদ দিয়েছেন বক্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2012, 03:13 PM

Updated : 24 Aug 2022, 12:20 PM

ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে নতুন চাকরির ক্ষেত্র সৃষ্টির পাশাপাশি কর্মীদের কাজের দক্ষতা বাড়ানোর তাগিদ দিয়েছেন বক্তারা। এছাড়া অর্থনৈতিক উন্নয়নে শ্রমিকদের দক্ষতা বাড়াতে সরকারি বেসরকারি অংশিদারিত্বের (পিপিপি) ভিত্তিতে বিনিয়োগেরও আহ্বান জানান তারা। মঙ্গলবার মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) মিলনায়তনে আয়োজিত ‘জব ক্রিয়েশন ইন বাংলাদেশ: এন ইফেকটিভ মিনস টু পভারটি রিডাকশন’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এ আহ্বান জানান। সেমিনারে এমসিসিআই সভাপতি আমজাদ খান চৌধুরী বলেন, উন্নত দেশে বেকারত্বের হার আট শতাংশ হলেও অনুন্নত দেশে এই হার ৩০ শতাংশ। বাংলাদেশে প্রায় ৪০ শতাংশ মানুষ বেকার দাবি করে তিনি বলেন, “আমরা যদি চাকরির ক্ষেত্র তৈরি করতে না পারি তাহলে বেকার জনগণ সমাজে অস্থিরতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির মতো মারাত্মক সমস্যার সৃষ্টি করতে পারে।” উন্নত জাতি হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করতে বেকারত্বের হার কমানোর উপর গুরত্বারোপ করে তিনি বলেন, অনেক জনসংখ্যা অর্থনৈতিক উন্নয়নে বাধা নয়। এখন দক্ষতা উন্নয়নে গুরুত্ব দেয়ার সময় এসেছে। ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) কর্মকর্তা রোলান্ড মিশেলিৎস শ্রমিকদের প্রশিক্ষণের উপর গুরুত্বারোপ করে বলেন, অদক্ষ শ্রমিক কাজ পায় না। অন্যদিকে ব্যবসা প্রতিষ্ঠানও ভালো শ্রমিক পায় না। তিনি বলেন, “বিশ্বে অনেক উন্নয়নশীল এবং উন্নত দেশ দক্ষতা বাড়ানোর উপর বিনিয়োগ করেছে। তারা কর্মীদের দক্ষতা উন্নয়নে বিনিয়োগ করে দ্বিগুণ রিটার্ন পাচ্ছে।” উন্নয়নশীল দেশের কোম্পানিগুলোর কাজের ক্ষেত্রে মূল প্রতিবন্ধকতা হিসেবে মন্দ বিনিয়োগ, অপর্যাপ্ত অবকাঠামো, আর্থিক সমস্যা এবং অদক্ষতা ও প্রশিক্ষণের অভাবকে চিহ্নিত করেন তিনি। বাংলাদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য বিনিয়োগের পরিবেশের উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠা, ব্যবসার জন্য নীতি প্রণয়ন এবং দুর্নীতি কমানোর পরামর্শ দেন তিনি। এছাড়া আইএফসির এক সমীক্ষার ফলাফল তুলে ধরে তিনি বলেন, বিদ্যুত খাতে উন্নয়ন, ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলোকে ঋণ দেয়া এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার উন্নয়ন হলে বাংলাদেশে চাকরির ক্ষেত্র তৈরি হবে। বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত আর্চ হ্যারেন বলেন, বেসরকারি প্রতিষ্ঠানগুলো দেশে চাকরির ক্ষেত্র তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শ্রমিকদের দক্ষতা উন্নয়নে পিপিপির ভিত্তিতে বিনিয়োগের আহ্বান জানান এই কূটনৈতিক। সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক দেশে চাকরির ক্ষেত্র তৈরিতে কারিগরি শিক্ষার উপর গুরুত্বারোপ করেন। চাকরির ক্ষেত্র তৈরির পাশাপাশি কর্মচারীদের যুগোপযোগী প্রশিক্ষণের উপরও জোর দেন তিনি। সেমিনারে এমসিসিআইর সদস্য, আইএলওর কর্মকর্তারা ছাড়াও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এইচএএইচ/এইচএ/২১১০ ঘ.