চট্টগ্রাম, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন দুর্গা পূজায় চট্টগ্রাম নগরীর নিরাপত্তা নিশ্চিতে পুলিশের পাশাপাশি টহল দেবে র্যাব সদস্যরাও।
নগরীর পূজা ম-পগুলোর নিরাপত্তা দিতে এ বছর সাড়ে পাঁচশ’ র্যাব সদস্য মোতায়েন থাকবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন র্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল সাইফুল করিম।
এছাড়া, নগরীর পাঁচটি এবং পূজা উদযাপন পরিষদের মতে ঝুঁকিপূর্ণ পূজা ম-পগুলোতে থাকবে বাড়তি সতর্কাবস্থা।
অন্যদিকে, নগরীর বাইরে উখিয়া, সীতাকুন্ড ও রাঙ্গুনিয়াতে তিনটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হবে বলে জানান তিনি।
র্যাব কর্মকর্তা আরো জানান, এবছর পূজা ম-পগুলোতে র্যাব-৭’র প্রত্যেক সদস্য দায়িত্ব পালন করবে।
র্যাবের আটটি ভ্রাম্যমাণ দল সার্বক্ষণিক টহলে থাকবে পূজা মন্ডপগুলোতে।
র্যাব অধিনায়ক আরও জানান, পুলিশের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন এলাকায় র্যাব মোতায়েন করা হবে।
এবছর পূজা ও ঈদ একই সময় হওয়ায় র্যাব সদস্যদের ছুটি সংক্ষিপ্ত করা হয়েছে বলেও তিনি জানান।
“আমরা আজ (মঙ্গলবার) নগর পূজা উদযাপন কমিটির সাথে বৈঠক করেছি। তাদের কাছ থেকে জানতে চেয়েছি তাদের সমস্যা ও শংকাগুলো”, বলেন লে. কর্নেল সাইফুল করিম।
তিনি আরো জানান, যেসব স্থানে পূজা ও কোরবানি পশুর হাট আছে বিশেষ করে সেসব জায়গায় পারস্পরিক সহনশীলতা বজায় রাখতে অনুরোধ করা হয়েছে।
২০ অক্টোবর দেবীর বোধনের মধ্যে দিয়ে শুরু হবে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা। ২৪ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে এ উৎসব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এইচএ/২০৩৫ ঘ.
bdnews24