২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুর সমবায় ব্যাংকে আ’লীগ নেতার হামলা

রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের দুই কর্মচারীকে পেটানোর অভিযোগ উঠেছে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডলের বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2012, 11:53 AM

Updated : 24 Aug 2022, 12:20 PM

রংপুর, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের দুই কর্মচারীকে পেটানোর অভিযোগ উঠেছে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডলের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে লোকজন নিয়ে ব্যাংকে ঢুকে তিনি এ হামলা চালান বলে ব্যাংক কর্মকর্তা-কর্মচারীরা অভিযোগ করেছেন। তাদের মারধরে আহত হয়েছেন ব্যাংকের হিসাবরক্ষক আব্দুর রউফ ও কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম। তাদের স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও আহত কর্মচারীরা জানান, বেলা সাড়ে ১০টার দিকে তুষার ৭/৮ জন লোক নিয়ে ব্যাংকে ঢুকে কর্মচারীদের অকথ্য ভাষায় গালাগাল শুরু করেন। কর্মচারীরা বাধা দিলে তিনি হিসাবরক্ষক ও কোষাধ্যক্ষকে কাঠ দিয়ে পেটান। এ সময় অন্য কর্মচারীরা এগিয়ে এল তুষারের সাঙ্গপাঙ্গরা আগ্নেয়াস্ত্র বের করে গুলি করতে উদ্যত হয়। তারা চেয়ার-টেবিল ও কাগজপত্র তছনছ করে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে ক্যাডাররা পালিয়ে যায়। পুলিশ আসার পর ব্যাংক থেকে বের হন তুষার কান্তি মণ্ডল। হিসবারক্ষক আব্দুর রউফ অভিযোগ করেন, বিপুল অঙ্কের টাকা আত্মসাতের অভিযোগে তুষার কান্তিকে গত ২৩ অআস্ট ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভাপতি পদ থেকে বাদ দেয়া হয়। “তিনি মনে করেন তার পদ হারানোর পেছনে আমাদের সহযোগিতা রয়েছে। এ কারণে বেশ কয়েকদিন ধরে তুষার কান্তি বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন,” বলেন রউফ। ব্যাংকের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তুষার কান্তি মণ্ডল অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি কাউকে মারিনি। আমার সঙ্গে বেঈমানী করায় কয়েকজন কর্মচারীকে বকাবকি করেছি।” কোতয়ালী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিস্টার আলী বলেন, “খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে যাই। আমি তুষার কান্তিকে মারমুখো অবস্থায় ব্যাংক ত্যাগ করতে দেখেছি।” প্রত্যক্ষদর্শীদের কাছে শুনে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে, বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৭৪৫ ঘ.