ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন চেয়ারম্যান হয়েছেন বাণিজ্য সচিব গোলাম হোসেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে সোমবার এ নিয়োগ দেওয়া হয়েছে। একইসঙ্গে আরো চার সচিবের দপ্তর বদল করা হয়েছে।
এনবিআরের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন আহমেদের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় গোলাম হোসেনকে ওই দায়িত্ব দেওয়া হল। তিনি একইসঙ্গে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিবের দায়িত্বও পালন করবেন।
বিদায়ী এনবিআর চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ দুই দফায় তিন বছর চুক্তিতে দায়িত্ব পালন করেন। আগামী ২৮ অক্টোবর তার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে।
গোলাম হোসেনকে এনবিআর চেয়ারম্যান নিয়োগের পর নতুন বাণিজ্য সচিব করা হয়েছে যুব ও ক্রীড়া সচিব মাহবুব আহমেদকে।
অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারীকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ ও বন সচিব মেজবাহ উল আলমকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব আসলাম আলমকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব পদে বদলি করা হয়েছে।
৪ উপসচিবসহ ১০ কর্মকর্তাকে বদলি
প্রশাসনের চার উপসচিবসহ ১০ কর্মকর্তার পদে রদবদল এনে জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার আদেশ জারি করেছে।
উপসচিবদের মধ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের খলিলুর রহমানকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ফয়জুর রহমান ফারুকীকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপসচিব মজিবুর রহমান আল-মামুনকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং একই মন্ত্রণালয়ে ন্যস্ত উপসচিব তাজুল ইসলামকে পদায়ন করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব পদে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি জ্যেষ্ঠ সহকারী সচিব রুহুল আমিনকে রাজশাহী, শাহিন হোসেনকে খুলনা ও ফৌজিয়া রহমানকে ঢাকা এবং হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মোহাম্মদ মফিজুল ইসলামকে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার কার্যালয়ে পাঠানো হয়েছে।
ইউএনও নিয়োগের জন্য দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক ডা. নুরুল হককে রাজশাহী এবং বিয়ামের সহকারী পরিচালক কামরুল হাসানকে রংপুরের বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করার আদেশটি বাতিল করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৯২৯ ঘ.
bdnews24