কক্সবাজার, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৌদ্ধ মন্দির ও বসতিতে হামলায় পুলিশের ব্যর্থতা নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খোন্দকার।
কক্সবাজারের রামুতে ক্ষতিগ্রস্ত বৌদ্ধ মন্দির পরিদর্শনকালে সোমবার তিনি বলেন, তদন্তে যারা দোষী প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এ ঘটনায় দোষীদের ধরার জন্য আইনশৃংখলা বাহিনী চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও তিনি জানান।
পুলিশের চলমান তদন্ত সন্তোষজনক উল্লেখ করে তিনি সাংবাদিকদের বলেন, এখনো তদন্ত চলছে। শেষ হলে আসল সত্য উদঘাটিত হবে।
আইজিপি মাহমুদ বলেন, “আমি ক্ষতিগ্রস্তদের অভয় দেয়ার জন্যই ঘটনাস্থলে এসেছি। বৌদ্ধ সম্প্রদায়ের যেকোনো প্রয়োজনে পুলিশ সহযোগিতা করে যাবে।”
রামু থানার প্রত্যাহার হওয়া ওসি একে নজিবুল ইসলাম সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, পুলিশ বিধিবদ্ধ একটি সংস্থা। তাই দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে প্রয়েজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বেলা সাড়ে ১২টায় তিনি রামু পৌঁছে ক্ষতিগ্রস্ত সীমা বিহারে যান। সেখানে বিহারের ভিক্ষু ও বৌদ্ধ নেতাদের সঙ্গে বৈঠক করেন।
এ সময় তিনি বলেন, বৌদ্ধ সম্প্রদায়ের সকল নিরাপত্তা নিয়ে পুলিশের আন্তরিকতার অভাব হবে না।
আসন্ন প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান অনুষ্ঠানে ব্যাপক নিরাপত্তা দেয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, রামুর মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে গর্বিত। এ সম্প্রীতি বিনষ্টের মাধ্যমে দেশের সুনাম ক্ষুণœ করতেই এ সহিংস ঘটনা চালানো হয়েছে।
রামু মেরংলোয়া বড়–য়া পাড়ার কেন্দ্রীয় সীমা বিহার ছাড়াও তিনি শ্রীকুল মৈত্রী বিহার, অপর্ণাচরণ বৌদ্ধ বিহার, লাল চিং, সাদা চিং, চেরাংঘাটা বড় ক্যাং, রাখাইন বৌদ্ধ বিহার, উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বৌদ্ধ বিহার, বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র ও ১০০ফুট ভুবন শান্তি সিংহ শয্যা বুদ্ধ মূর্তির ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন, বৌদ্ধ ভিক্ষু এবং বৌদ্ধ স¤প্রদায়ের লোকজনের সঙ্গে কথা বলেন।
সীমা বিহারের অধ্যক্ষ পণ্ডিত সত্যপ্রিয় মহাথের’র কাছে সহিংস ঘটনার জন্যইতনি দুঃখ প্রকাশ করেন।
এ সময় বাংলাদেশ ভিক্ষু মহাসভার উপ-সংঘরাজ শাসনশ্রী মহাথের, বাংলাদেশ বুড্ডিস্ট ফেড়ারেশনের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক সুনন্দপ্রিয় ভিক্ষু, প্রিয়রতœ থের, শিলপ্রিয় ভিক্ষু, রামু মেরংলোয়া রহমানিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা আমান উল্লাহ, সীমা বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তরুণ বড়–য়া, বৌদ্ধ নেতা নীতিশ বড়–য়া, সুনীল বড়–য়া, বিপুল বড়–য়া আব্বু, ঝন্টু বড়–য়া প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া আইজিপির সঙ্গে ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. নওশের আলী, কক্সবাজারের পুলিশ সুপার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, উখিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার ফারুক আহমদ, রামু থানার ওসি গাজী শাখাওয়াত হোসেন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮০০ ঘ.
bdnews24