ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বার কাউন্সিলের সচিব নিয়োগ এবং আইনজীবীদের তালিকাভুক্তির (এনরোলমেন্ট) জন্য কমিটি গঠনের বিধিতে ‘অস্পষ্টতা’ দূর করতে আইন সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল (অ্যমেন্ডমেন্ট) অ্যাক্ট-২০১২ এর খসড়া চূড়ান্ত অনুমোদন পায়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের জানান, সংশোধিত আইন কার্যকর হলে জেলা জজ বা অতিরিক্ত জজ পদমর্যাদার কোনো কর্মকর্তাকে বার কাউন্সিলের সচিব হিসাবে নিয়োগ দেয়া যাবে। বিদ্যমান আইনে এ বিষয়টি স্পষ্ট ছিল না।
এছাড়া আইনজীবীদের তালিকাভুক্তির জন্য পাঁচ সদস্যের একটি এনরোলমেন্ট কমিটি গঠনের কথা বলা হয়েছে প্রস্তাবিত আইনে, যার চেয়ারম্যান হবেন প্রধান বিচারপতি মনোনীত আপিল বিভাগের একজন বিচারক।
এছাড়া হাইকোর্টের দুইজন বিচারক, অ্যাটর্নি জেনারেল ও বার কাউন্সিলের একজন সদস্য এনরোলমেন্ট কমিটির সদস্য হিসাবে থাকবেন।
এরমধ্যে হাইকোর্টের দুই বিচারককেও প্রধান বিচারপতি মনোনীত করবেন। বার কাউন্সিলের সভাপতি হিসাবে অ্যাটর্নি জেনারেল পদাধিকার বলে এই কমিটিতে আসবেন। এছাড়া তিনি বার কাউন্সিল অন্য একজন সদস্যকে এনরোলমেন্ট কমিটির জন্য মনোনীত করবেন।
বিদ্যমান আইনে বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির সদস্য সংখ্যা তিনজন। এদের মধ্যে একজন বিচারক এবং বাকিরা বার কাউন্সিলের মনোনীত সদস্য।
এনরোলমেন্ট কমিটিকে আরো শক্তিশালী করতেই সরকার আইন সংশোধন করছে বলে মন্তব্য করেন সচিব।
প্রস্তাবিত আইনে বার কাউন্সিলকে নিজস্ব প্রয়োজনে বিধি প্রণয়নের ক্ষমতাও দেয়া হয়েছে। তবে এজন্য তাদের আগে সরকারের অনুমোদন নিতে হবে।
মোশাররাফ হোসাইন ভুইঞা বলেন, মন্ত্রিসভার বৈঠকে প্রতি বছর ২৬ এপ্রিল বিশ্ব মেধা সম্পদ দিবস পালনেরও সিদ্ধান্ত হয়েছে।
“দেশে গত কয়েক বছর ধরে আনুষ্ঠানিকভাবে মেধা সম্পদ দিবস পালন করা হলে আগে এটি ক্যালেন্ডারভুক্ত ছিল না। এখন থেকে আনুষ্ঠানিকভাবে দিবসটি পালন করা হবে”, বলেন সচিব।
এছাড়া নাবিকদের সনদ দেওয়া সংক্রান্ত একটি আন্তর্জাতিক কনভেনশনে অনুসমর্থন দেওয়ার প্রস্তাবও অনুমোদন করেছে মন্ত্রিসভা।
সচিব জানান, ১৯৭৮ সালে নেওয়া এবং ১৯৮৪ সাল থেকে কার্যকর এ কনভেনশনটি গত ২০১০ সালে সংশোধন ও হালনাগাদ (রেটিফাই) করা হয়। এ কারণে এতে আবারো বাংলাদেশের অনুসমর্থনের প্রয়োজন দেখা দেয়।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ কনভেনশনে অনুসমর্থনের ফলে নাবিক প্রশিক্ষণের মানোন্নয়ন এবং বিভিন্ন দেশের জাহাজে বাংলাদেশি নাবিকদের কর্মসংস্থান সহজ হবে।
‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০১২’-এর খসড়া এদিন মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন হলেও তা আরো সংশোধন ও পরিমার্জনের জন্য ফেরত পাঠানো হয় বলে সচিব জানান। প্রয়োজনীয় সংশোধন শেষে ধর্ম মন্ত্রণালয় এটি আবারো মন্ত্রিসভায় তুলবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১২৫০ ঘ.
bdnews24