ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের একজন অতিরিক্ত সচিব এবং ১২ জন যুগ্ম-সচিবসহ বেশ কিছু পদে রদবদল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
রোববার এ সংক্রান্ত পৃথক পৃথক আদেশ জারি করা হয়।
অতিরিক্ত সচিবদের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এএম বদরুদ্দোজাকে বদলি করা হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে।
যুগ্ম-সচিবদের মধ্যে রেলপথ মন্ত্রণালয়ের মুহাম্মদ মোস্তফা, ঢাকার স্থানীয় সরকার বিভাগের পরিচালক আবু তালেব এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের রোকসানা কাদেরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
চারটি টেক্সটাইল ইনস্টিটিউট স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্ম-সচিব) মোহা. রফিকুল ইসলাম এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা (সিআরও) মনিরুজ্জামানকে পরবর্তী পদায়নের জন্য ন্যস্ত করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে।
ওএসডি যুুগ্মসচিব মনিরুল ইসলামকে রেলপথ মন্ত্রণালয়ে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সংযুক্ত ওএসডি যুগ্ম-সচিব আবু হেনা মোস্তফা কামালকে একই মন্ত্রণালয়ে এবং ইলেক্ট্রনিক স্বাক্ষর সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষের নিয়ন্ত্রক জাহাঙ্গীর আলমকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব পদে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ শাফায়েত হোসেনকে ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ডেসকো) পরিচালক ও সুধাকর দত্তকে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের পরিচালক; বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের পরিচালক (যুগ্মসচিব) গোলাম ফখরুদ্দিন আহমেদ চৌধুরীকে ইলেক্ট্রনিক স্বাক্ষর সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষের নিয়ন্ত্রক এবং ওএসডি যুগ্মসচিব মো. শহীদ উল্লাহকে ভূমিহীন ও অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের বাসস্থান নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক পদে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে।
জ্বালানি ও খণিজ সম্পদ বিভাগের উপসচিব সালমা আক্তার জাহানকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে।
ওএসডি হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাল্টি সেক্টরাল প্রোগ্রাম অন ভায়োলেন্স অ্যাগেইনস্ট ওমেন’ প্রকল্পের প্রকল্প পরিচালক পদে নিয়োজিত উপসচিব আবুল হোসেনকে সিলেটের উপ-ভূমি সংস্কার কমিশনার নিয়োগ করা হয়েছে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) সৈয়দ মেহেদী হাসানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত এবং পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) গুল্লাল সিংহকে নীলফামারীর এডিসি পদে বদলি করা হয়েছে।
এর বাইরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব রাব্বী মিয়াকে নারায়ণগঞ্জ, মাদারীপুরের শিবচরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল চন্দ্র বিশ্বাসকে নাটোর এবং বগুড়া শেরপুরের ইউএনও মোহাম্মদ হোসেনকে পঞ্চগড়ের এডিসি নিয়োগ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/১৮৫৭ ঘ.
bdnews24