কক্সবাজার, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারে ‘পুলিশের ভয়ে নদীতে লাফিয়ে পড়ার’ চারদিন পর এক ব্যক্তির লাশ পাওয়া গেছে।
বুধবার সদরের বাংলাবাজারের ছমুদা ব্রিজ থেকে বাঁকখালী নদীতে লাফ দেন ছালামত উল্লাহ সেলিম (৪০)।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে শহরের টেকপাড়ায় নদী থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
ছালামতের স্ত্রী শফিকা বেগমের অভিযোগ, রামুর সহিংসতার ঘটনায় জড়িত সন্দেহে বুধবার (১০ অক্টোবর) ছালামতকে ধরার জন্য ধাওয়া করে গোয়েন্দা পুলিশের একটি দল।
এরপর তিনি পালাতে গিয়ে ছমুদা ব্রজি থেকে বাঁকখালী নদীতে লাফ দিয়ে নিখোঁজ হন।
বিষয়টি লিখিতভাবে কক্সবাজার থানাকে জানানো হয়েছে বলেও তার স্ত্রী দাবি করেন।
কক্সবাজার সদর থানার ওসি কামরুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
স্ত্রীর অভিযোগের বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে ওসি কামরুল হাসান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৬১০ ঘ.
bdnews24