ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফ্লাইট শুরুর ২৬ দিনে নিজেদের অংশের প্রায় ৮০ শতাংশ হজযাত্রীকে জেদ্দা পৌঁছে দিয়েছে বাংলাদেশের পতাকাবাহী উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
সংস্থাটি জানিয়েছে, গত শুক্রবার রাত পর্যন্ত মোট ৪৪ হাজার ৮৮৮ জন হজযাত্রীকে তারা পৌঁছে দেয়া হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছর মোট ৫৬ হাজার ৫শ’ হজযাত্রী পরিবহন করার কথা বিমানের। এ জন্য বরাদ্দ থাকা একশ’ ১০টি স্লটের মধ্যে শুক্রবার পর্যন্ত ব্যবহৃত হয়েছে ৮৫টি। সে হিসেবে এখনো বিমানের স্লট বাকি রয়েছে ২৫টি।
আগামী ২০ অক্টোবরের মধ্যে বিমানকে অবশিষ্ট ১১ হাজার ছয়শ’ ১২ জন হজযাত্রীকে এই স্লট ব্যবহার করে পরিবহন করতে হবে। এছাড়া হজযাত্রী পরিবহনের জন্য বিমান অতিরিক্ত স্লট পেয়েছে আটটি, যার ছয়টি এরই মধ্যে ব্যবহার করা হয়েছে।
হজ যাত্রীদের জন্য নির্ধারিত ফ্লাইট সূচি ছাড়াও বিমান ১৯টি নিয়মিত ফ্লাইটে যাত্রী পরিবহন করেছে। এ ছাড়া আরো ছয়টি নিয়মিত ফ্লাইট ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
গত ১৭ সেপ্টেম্বর ভোর পাঁচটায় ৪১৯ জন হজযাত্রী নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরব যাত্রা শুরু করে বিমানের বোয়িং-৭৭৭ উড়োজাহাজ।
মন্ত্রণালয় ঘোষিত ফ্লাইটসূচি অনুযায়ী, ২০ অক্টোবর পর্যন্ত হজযাত্রী পরিবহনের কথা রয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমানের। বিমান ফিরতি ফ্লাইট শুরু করবে ১ নভেম্বর, শেষ হবে আগামী ২৯ নভেম্বর।
হজযাত্রী পরিবহনে নিজেদের দুটি বোয়িং ৭৭৭ একটি ডিসি ১০ ছাড়াও ভাড়ায় আনা একটি বোয়িং ৭৪৭ উড়োজাহাজ ব্যবহার করছে বিমান।
এ বছর মোট ১ লাখ ১২ হাজার ৫৬৮ জন হজ করতে যাওয়ার অনুমোদন পেয়েছেন। দুই দেশের সরকারের মধ্যে স্বাক্ষরিত হজযাত্রী পরিবহন সংক্রান্ত চুক্তি অনুযায়ী এ বছর কোনো তৃতীয় বিমান সংস্থা বা থার্ড ক্যারিয়ারকে হজযাত্রী পরিবহনের দায়িত্ব দেয়া হয়নি।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদ চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) জামাল উদ্দিন আহমেদ বলেন, “হজযাত্রী পরিবহনকে এ বছর বিমান সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে। আমরা আশা করি পরিকল্পনা মতোই প্রত্যেক হজযাত্রীকে জেদ্দায় পৌঁছে পারবো।”
হজযাত্রী পরিবহনের ক্ষেত্রে বিমানের কর্মকর্তা কর্মচারীদের প্রশংসা করেন বিমান চেয়ারম্যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এএল/১৮১৭ ঘ.
bdnews24