কুমিল্লা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুরির অভিযোগে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালের আয়ার মাথা ন্যাড়া করার অভিযোগে ডাক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে নগরীর রেইসকোর্স এলাকার ‘ডা. দেলোয়ার আই কেয়ার’র মালিক ডা. দেলোয়ার হোসেন গ্রেপ্তার হন।
নির্যাতনের শিকার আয়া তাছলিমা আক্তার (২৫) অভিযোগ করেন, গত মঙ্গলবার (৯ অক্টোবর) রাতে ডা. দেলোয়ারের ড্রয়ার থেকে এক লাখ ৭০ হাজার টাকা চুরি হয়।
এ জন্য তাকে দায়ী করে ডাক্তার দেলোয়ারের নির্দেশে মারধর এবং মাথা ন্যাড়া করে দেয়া হয়। অথচ পরে ওই টাকা হাসপাতালের একটি রুমে পাওয়া যায়।
তাকে অনৈতিক প্রস্তাব দিয়ে রাজি না হওয়ায় এ চুরির ঘটনা সাজানো হয়েছে বলে অভিযোগ করেন তাছলিমা।
মারধরে আহত তাছলিমাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযোগ অস্বীকার করে দেলোয়ার হোসেন বলেন, হাসপাতালে তার ড্রয়ার থেকে এক লাখ ৭০ হাজার টাকা চুরি করে তাছলিমা। ঘটনাটি সিসি ক্যামেরায় ধরা পড়ে।
“হাসপাতালের গার্ড তাছলিমার স্বামী তফাজ্জল হোসেনসহ তার স্বজনদের ঘটনাটি জানিয়ে চাপ দেয়ার পর ওই টাকা এনে তারা রেখে দেয়।”
এ ঘটনার শাস্তি হিসেবে তার স্বজনদের সম্মতিতে তাছলিমার মাথা ন্যাড়া করা হয় বলেও দাবি করেন দেলোয়ার।
তবে মাথা ন্যাড়া করা উচিত হয়নি বলে স্বীকার করেন তিনি।
কোতোয়ালি থানার ওসি মহিউদ্দিন মাহমুদ বলেন, অমানবিক ঘটনাটি জানার পর খোঁজখবর নিয়ে শুক্রবার রাতে অভিযুক্ত চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/১৭৪৪ ঘ.
bdnews24