২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মিজানুরের মুখে শুধু বড় বড় কথা’

রামুতে বৌদ্ধ বসতিতে হামলা নিয়ে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমানের বক্তব্যের সমালোচনা করেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2012, 10:09 AM

Updated : 24 Aug 2022, 12:19 PM

ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রামুতে বৌদ্ধ বসতিতে হামলা নিয়ে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমানের বক্তব্যের সমালোচনা করেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। শনিবার এক কর্মশালায় তিনি বলেছেন, “তিনি বড় বড় কথা বললেও বাস্তবে কাজের কাজ কিছু হচ্ছে না।” মানবাধিকার কমিশন আইন মন্ত্রণালয়ের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ রক্ষা করে না বলেও অনুযোগ করেন আইন প্রতিমন্ত্রী। কক্সবাজারের রামুতে গত ২৯ সেপ্টেম্বর বৌদ্ধ বসতিতে হামলার জন্য গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতাকে দায়ী করেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। প্রতিমন্ত্রী বলেন, “রামুতে বৌদ্ধ সম্প্রদায়ের ওপর হামলার পেছনে যারা ছিল, তাদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করা হবে।” ঢাকার জজ আদালতে জগন্নাথ-সোহেল স্মৃতি মিলনায়তনে ‘উপজেলা ও ইউনিয়ন আইন সহায়তা প্রদান কমিটি গঠন বিষয়ক কর্মশালা’য় প্রতিমন্ত্রী বক্তব্য রাখেন। এই কর্মশালায় আইনমন্ত্রী শফিক আহমেদও ছিলেন। আইনমন্ত্রী জানান, দেওয়ানির মতো ফৌজদারি কার্যবিধি সংশোধন করে মামলার কাজ দ্রুত শেষ করতে বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতি কার্যকর হচ্ছে। তিনি বলেন, “ছোট্ট একটি মামলাকে দীর্ঘায়িত করে বিচারপ্রার্থী জনগণকে ভোগান্তির মধ্যে ফেলা হচ্ছে। এটা ঠিক নয়। অল্প সময়ের মধ্যে বিচারকাজ শেষ করতে হবে।” সমাজের অবহেলিত মানুষরা যাতে আইন সহায়তা কেন্দ্রের সহযোগিতা পায়, তা নিশ্চিত করতে বিচারক এবং আইনজীবীদের সজাগ থাকার আহ্বান জানান মন্ত্রী। ঢাকার মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার সাহা এই সহায়তা কেন্দ্রের খবরটি প্রচারের উদ্যোগ নেয়ার পরামর্শ দিয়ে বলেন, “জেলাগুলোতে এখন কেউ জানে না, কোথায় গেলে আইন সহায়তা পাওয়া যাবে?” কর্মশালায় ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হক, জেলা জজ আব্দুল মজিদ, ঢাকা জেলা আইনজীবী সমিতির সভাপতি বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক আলী হোসেনও উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৬০৪ ঘ.