কক্সবাজার, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারে বৌদ্ধ বসতিতে হামলায় বিদেশি অর্থের উৎস অনুসন্ধানসহ সেখানে কার্যরত এনজিওগুলোর সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ।
রামু, উখিয়া ও টেকনাফের ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখার পর শনিবার কক্সবাজার প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানায় সরকার সমর্থক আইনজীবীদের সংগঠনগুলোর এই মোর্চা।
সমন্বয় পরিষদের আহ্বায়ক ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম বলেন, “রামু, উখিয়া, টেকনাফে বৌদ্ধ বিহার ও বসতিতে হামলার ঘটনা কোনো ধর্মীয় অনুভূতির কারণে নয়।”
“এর পেছনে বহিরাগত লোক, বহিরাগত অর্থ ব্যয় হয়েছে। এ বহিরাগত অর্থের উৎস অবশ্যই খুঁজে বের করতে হবে।”
স্থল ও জলসীমাগত কারণে কক্সবাজার বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে সাবেক সংসদ সদস্য আমীর বলেন, এ ঘটনায় দেশের ভেতরে ও বাইরের ষড়যন্ত্র লক্ষ্য করে যাচ্ছে।
“মিয়ানমারের জাতিগত সংঘাতের জেরে বাংলাদেশের ওপর বিদেশি চাপের অংশ কি না- এমন প্রশ্ন রয়েছে। ফলে কক্সবাজারের কাজ করা বেসরকারি সংস্থার (এনজিও) ব্যাপারেও খোঁজ-খবর নিতে হবে।”
ফেইসবুকে কোরআন অবমাননার অভিযোগ এনে ২৯ সেপ্টেম্বর রাতে রামুতে বৌদ্ধ বসতি ও মন্দিরে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। পরদিন কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় এবং চট্টগ্রামের পটিয়ায় ফের হামলার ঘটনা ঘটে।
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রতিনিধিরা বৃহস্পতিবার কক্সবাজার এসে জেলা আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করেন। শুক্রবার রামু, উখিয়া ও টেকনাফের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন তারা।
আলামত নষ্ট হলে মামলায় প্রতিবন্ধকতা সৃষ্টি হবে উল্লেখ করে আলামত সুরক্ষার এবং পুলিশ প্রশাসন থেকে গোয়েন্দা শাখার কাছে তদন্তের দায়িত্ব হস্তান্তরের দাবিও জানিয়েছে সমন্বয় পরিষদ।
আর্ন্তজাতিক কালো বাজারে পুরাকীর্তি বিক্রির জন্য পূর্ব পরিকল্পিতভাবে এ হামলা চালিয়ে মন্দিরের হাজার বছরের পুরানো প্রতœতাত্ত্বিক নিদর্শনগুলো লুট হয়েছে কিনা, তাও খতিয়ে দেখার আহ্বান জানান ব্যারিস্টার আমীর।
এ ঘটনায় প্রশাসনের প্রতি স্থানীয়দের অনাস্থা সৃষ্টি হওয়ায় প্রশাসনকে ঢেলে সাজানোর আহ্বানও জানান তিনি।
সংবাদ সম্মেলনে কক্সবাজার জেলা প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সমিতির ভারপ্রাপ্ত সভাপতি সালেহ উদ্দিন মুহাম্মদ তারেক, রামু জামে মসজিদের ইমাম নুর হাকিম, ক্ষতিগ্রস্ত উখিয়ার মরিচ্যা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ জীবন জ্যোতি মহাথেরো ও বৌদ্ধ ভিক্ষু জ্ঞানপ্রিয় মহাথেরো বক্তব্য রাখেন।
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সদস্য সচিব সুব্রত চৌধুরী, বার কাউন্সিলের সদস্য সৈয়দ রেজাউর রহমান, তানিয়া আমীর ও সুপ্রিম কোর্টের আইনজীবী মুনসুরুল হক চৌধুরীও সংবাদ সম্মেলনে ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এমআই/১৪১৫ ঘ.
bdnews24