ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের ব্যবসায়িক অংশীদার গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে লন্ডনে মুদ্রা পাচারের মামলায় চাওয়া অব্যাহতির আবেদনের ওপর আদেশ হবে ১৭ অক্টোবর।
রোববার ঢাকার তিন নম্বর বিশেষ জজ মো. মোজাম্মেল হোসেন এই তারিখ দেন।
গিয়াস উদ্দিন আল মামুনকে কারাগার থেকে আদালতে হাজির করার পর তাকে মামলার অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে করা আবেদনের উপর শুনানি শেষ করেন তাঁর আইনজীবী ব্যারিষ্টার ফখরুল ইসলাম।
অপরদিকে রাষ্ট্র পক্ষে মোশারফ হোসেন কাজল জামিনের বিরোধিতা করেন ও অভিযোগ গঠনের ওপর অধিকতর শুনানির জন্য সময় প্রার্থনা করেন।
গত বছরের ২২ সেপ্টেম্বর দুদকের সহকারী পরিচালক মো. ইব্রাহীম ক্যান্টনমেন্ট থানায় মামুনের বিরুদ্ধে এ মামলা করেন।
চারদলীয় জোট সরকারের সময়ে মামুন চার লাখ ১৮ হাজার ৮৫৩ পাউন্ড অবৈধভাবে বিদেশে স্থানান্তর করেছেন বলে অভিযোগ করা হয়েছে মামলায়। একাধিক ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এই অর্থ পাচার করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়।
পুলিশ গত ২৯ এপ্রিল এ মামলায় অভিযোগপত্র দেয়। ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক গত ১৫ মে অভিযোগপত্রটি গ্রহণ করে মামলাটি বিচারের জন্য ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতে পাঠান।
অভিযোগপত্রে রাষ্ট্রপক্ষে ১৩ জনকে সাক্ষী রাখা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসইউ/১৮৪০ ঘ.
bdnews24