পাবনা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-পাবনায় শনিবার মোটরসাইকেল দুর্ঘটনায় স্থানীয় দৈনিক আজকের ইতিহাস পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আবুল কাশেম খাঁন নিহত হয়েছেন।
সন্ধ্যায় পাবনা-নগরবাড়ী সড়কের বহলবাড়িয়ায় নিহত আবুল কাশেম খাঁন (৫৮) সাঁথিয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং নন্দনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরেক আরোহী মাই টিভির পাবনা প্রতিনিধি মুজিবুল হক লাজুক (৪০)। তাকে পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ দুই সাংবাদিক মোটরসাইকেল কাশীনাথপুর থেকে পাবনা ফিরছিলেন। বহলবাড়িয়া এলে মোটরসাইকেলের সামনে হঠাৎ একটি বাইসাইকেল এসে গেলে তাদের মোটরসাইকেলটি থামানো হয়।
এ সময় পিছন থেকে একটি নছিমন তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই কাশেমের মৃত্যু হয়।
সাংবাদিক আবুল কাশেম খাঁন সাঁথিয়া উপজেলার মাহমুদপুর গ্রামের প্রয়াত কিসমত উল্লাহর ছেলে। তিনি চার ছেলে তিন মেয়ের জনক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০৬ ঘ.
bdnews24