ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চীন ও ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ওপর বাংলাদেশের অগ্রগতি নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
চীনের ৬৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শনিবার দুপুরে আয়োজিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আশরাফ বলেন, “চীন অদূর ভবিষ্যতে বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদারে পরিণত হবে। একইসঙ্গে চীন ও ভারত আগামী দিনের সামরিক ও রাজনৈতিক পরাশক্তি হিসাবে আবির্ভূত হবে। তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও কার্যকর সুসম্পর্কের ওপর নির্ভর করছে বাংলাদেশের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক অগ্রগতি।”
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, বাংলাদেশ চীনের সাথে সড়ক ও নৌপথে যোগাযোগ বাড়াতে বিশেষভাবে আগ্রহী। চীন ও বাংলাদেশের মধ্যে যোগাযোগ স্থাপনের মধ্য দিয়ে এ অঞ্চলের দেশগুলোর মধ্যে ইউরোপীয়ান ইউনিয়নের মতো সম্পর্ক স্থাপন হতে পারে।”
চীনের সঙ্গে সড়ক ও রেলপথে যোগাযোগ স্থাপনের প্রস্তাব দেয়ার কথাও জানান মন্ত্রী।
রাজধানীর রূপসীবাংলা হোটেলে বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল) এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, বিশ্বব্যাপী চলমান অস্থিরতা দূর করতে সংলাপ ও অংশগ্রহণের নীতি অনুসরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে চীনের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য ইতিবাচক ফল বয়ে আনতে পারে।
শান্তিপূর্ণ উন্নয়ন, জনগণের অর্থনৈতিক মুক্তি ও ভারসাম্যপূর্ণ বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠায় চীনের ভূমিকার প্রশংসাও করেন ইনু।
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে হাজার বছরের ঐতিহাসিক সম্পর্ক দু’দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে চীনকে বর্তমানে বিশ্বের রোল মডেল হিসেবে অভিহিত করে দিলীপ বড়–য়া বলেন, চীনের সহায়তায় বাস্তবায়নাধীন শাহজালাল সার কারখানা, রাজধানীর পাগলায় পানি পরিশোধনাগার, থ্রিজি প্রযুক্তি চালুসহ বিভিন্ন প্রকল্প বাংলাদেশের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে।
দিলীপ বড়ূয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জুন।
লি জুন বলেন, চীন সরকারের নতুন অর্থনৈতিক সংস্কার নীতির ফলে গত তিন দশকে প্রবৃদ্ধি শতকরা ১০ ভাগ হারে বেড়েছে। জনগণের মাথাপিছু আয় ১৯৭৮ সালের ১৪৯ মার্কিন ডলার থেকে বেড়ে ২০১১ সালে ৫ হাজার ৪৩১ মার্কিন ডলারে উন্নীত হয়েছে।
বাংলাদেশের সঙ্গে চীন পারস্পরিক আস্থা, অর্থনৈতিক সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময় এবং জনগণের মধ্যে লেনদেনের ভিত্তিতে কাজ করতে আগ্রহী বলেও জানান রাষ্ট্রদূত।
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, বাংলাদেশের ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান ভূঁইয়া, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, গণঐক্যের আহ্বায়ক পংকজ ভট্টাচার্য, সাম্যবাদী দলের পলিট ব্যুরোর সদস্য ধীরেন সিংহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমকে/এএল/২১৪২ ঘ.
bdnews24