২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি

ঢাকার সাভার উপজেলায় সম্প্রতি আইনশৃঙ্খলা পরিস্থিতির বেশ অবনতি হয়েছে। চলতি মাসে একটি নির্মাণাধীন তৈরি পোশাক কারখানাসহ ১১টি ডাকাতির ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2012, 12:05 PM

Updated : 24 Aug 2022, 12:13 PM

সাভার, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভার উপজেলায় সম্প্রতি আইনশৃঙ্খলা পরিস্থিতির বেশ অবনতি হয়েছে। চলতি মাসে একটি নির্মাণাধীন তৈরি পোশাক কারখানাসহ ১১টি ডাকাতির ঘটনা ঘটেছে। একের পর এক ডাকাতির ঘটনায় কেউ গ্রেপ্তার বা কোনো মালামাল উদ্ধার না হওয়ায় এলাকার মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। ডাকাতরা লুটে নিয়েছে কয়েক লাখ টাকার মালামাল। তাদের হামলায় আহত হয়েছে কয়েকজন। দুয়েকটি মামলা নিলেও বেশ কয়েকটি ডাকাতির ঘটনায় পুলিশের বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ রয়েছে। সাভারের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা স্বীকার করেছেন সাভার মডেল থানার সহকারী সুপারিনটেনডেন্ট (এএসপি) মশিউদ্দৌলা রেজা। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নদীর পানি বৃদ্ধি পাওয়ায় এ উপজেলায় নৌ-পথে ডাকাতি বৃদ্ধি পেয়েছে। ডাকাতি রোধে নৌ টহল জোরদারসহ বিভিন্ন ব্যবস্থা নেয়া হবে। বৃহস্পতিবার ভোররাতে আমিনবাজারের বড়দেশী গ্রামে ব্যবসায়ী মুনসুর আলী ও প্রবাসী মোক্তার হোসেনের বাড়িতে ডাকাতি হয়েছে। রাত সাড়ে ৩টার দিকে ২৫/৩০ জন ডাকাত দুই দলে ভাগ হয়ে পাশাপাশি এ দু’টি বাড়ির ফটকের তালা কেটে ঢোকে। তারা নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ৫০ লাখ টাকার মালামাল লুট করেছে। পরে ফাঁকা গুলি করে ট্রলারে তুরাগ নদী দিয়ে পালিয়ে যায়। ব্যবসায়ী মুনসুর আলী এবং প্রবাসী মোক্তার হোসেনের স্ত্রী জোৎøা আক্তার অভিযোগ করেন, পুলিশ এসেছিল। থানায় ডাকাতির অভিযোগ দিলেও পুলিশ তা নথিভুক্ত করেনি। এ ঘটনার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হোসেন ডাকাতির ঘটনা স্বীকার করলেও অভিযোগের বিষয়ে তিনি কিছু বলতে রাজি হননি। সোমবার (২৪ সেপ্টেম্বর) গভীর রাতে কুন্ডা এলাকার বাজারপাড়া মহল্লায় একসঙ্গে চারটি বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতরা সোহাগ আলী, ফজল হক, আব্দুল আওয়াল ও ফজলুর রহমানের বাড়ি থেকে প্রায় ১০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। ডাকাতদের গুলিতে সোহাগ আলীর ছেলে সাহাবুদ্দিন মাথায় গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোহাগ আলী বলেন, পুলিশ প্রথমে মামলা নিতে চায়নি। নানা টালবাহানা করেছে। পরে বিভিন্নভাবে চাপ দিলে মামলা নিতে বাধ্য হয়েছে। এ মামলার তদন্ত কর্মকর্তা থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল হক খান বলেন, আহত সাহাবুদ্দিনের অবস্থা আশংকাজনক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। স্থানীয় ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ড সদস্য লুৎফর রহমান বলেন, এ এলাকায় আগেও একাধিকবার ডাকাতি হয়েছে। থানা পুলিশকে জানিয়েও কোনো ফল হয়নি। গত শনিবার (২২ সেপ্টেম্বর) গভীর রাতে রাজফুলবাড়িয়ায় একটি নির্মাণাধীন তৈরি পোশাক কারখানা ও তিন ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতরা ‘ডেলিগেট গামের্ন্টস’ নামের নির্মাণাধীন পোশাক কারখানা এবং পাশের ছাগিপাড়া মহল্লায় ব্যবসায়ী হারুন-উর রশিদ, বাবুল মিয়া ও সামসুল হকের বাড়ি থেকে প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করেছে। ডেলিগেট গামের্ন্টসের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কারখানাটি জানুয়ারিতে চালু করার লক্ষ্যে রাতদিন কাজ চলছিল। গভীর রাতে ২০/৩০ জন মুখোশ পরা ডাকাত ঢুকে নিরাপত্তা প্রহরী ও নির্মাণ শ্রমিকদের মারধর করে নগদ টাকা ও মালামাল লুটে নেয়। এ ঘটনায় সাভার মডেল থানা পুলিশ প্রথমে মামলা নিতে না চাইলেও পরে নথিভুক্ত করেছে। এছাড়া তিন ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনায় পুলিশ কোনো অভিযোগই গ্রহণ করেনি বলে অভিযোগ তাদের। এ ব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ রোমেল বলেন, তারা (ক্ষতিগ্রস্ত) কোনো মামলা করবে না বলে জানিয়েছিলেন। গত ১৫ সেপ্টেম্বর ভোররাতে প্রাইম ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ইয়াছিন আলীর সাভার পৌর এলাকার আড়াপাড়া মহল্লার বাড়িতে ডাকাতি হয়েছে। তারা নগদ টাকা, স্বর্ণালংকার, মার্কিন ডলারসহ ১০ লাখ টাকারও বেশি সম্পদ লুট করেছে। ইয়াছিন আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৩টার দিকে ১২/১৫ জন মুখোশ পরা ডাকাত লোহার রেলিং বেয়ে ঘরে ঢোকে। তার অভিযোগ, বিষয়টি থানায় জানালেও পুলিশ মালামাল উদ্ধার এবং ডাকাতদের গ্রেপ্তারের আশ্বাস দিয়ে মামলা করতে নিষেধ করে। অথচ এখনো কোনো মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ব্যাপারে সাভার মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও লুন্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৪০ ঘ.