ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আণবিক অস্ত্রমুক্ত দক্ষিণ এশিয়া প্রতিষ্ঠায় সার্কভুক্ত দেশগুলোর মধ্যে একটি ‘সম্মিলিত সামরিক কাঠামো’ প্রয়োজন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
শুক্রবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ শান্তি পরিষদের বর্ধিত সভায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ইনু এ মন্তব্য করেন।
তিনি বলেন, “দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) গঠনের পরে সবাই ভেবেছিল এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠিত হবে। কিন্তু এ অঞ্চলের দুই বৃহৎ পরাশক্তি পাকিস্তান ও ভারত আণবিক বোমা ফাটিয়ে জানান দিল তারা প্রস্তুত।”
এই সামরিক প্রতিযোগিতা থেকে বেরিয়ে আসতে ‘আণবিক অস্ত্রমুক্ত দক্ষিণ এশিয়া’ গড়ার ওপর জোর দেন তিনি।
“আর এর জন্য প্রয়োজন এ অঞ্চলের জন্য একটি সম্মিলিত সামরিক কাঠামো”, বলেন ইনু।
সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কথিত ‘যুদ্ধের’ সমালোচনা করে তিনি বলেন, “এ যুদ্ধ মূলত তেল খনি দখলে রাখার যুদ্ধ, ক্ষমতার বলয় তৈরির যুদ্ধ।”
দেশে শান্তি ফিরিয়ে আনতে জঙ্গিবাদকে সমূলে ধ্বংস করা প্রয়োজন বলেও ইনু মন্তব্য করেন।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, “এশিয়া-প্যাসিফিক রণকৌশলের অংশ হিসেবে বাংলাদেশকে ব্যবহার করতে চায় আমেরিকা। ইতোমধ্যে দুদেশের মধ্যে এ সংক্রান্ত দুটি সংলাপও হয়েছে।”
“এশিয়া হঠাৎ অশান্ত হয়ে উঠছে। চীনের রণতরী এখন জাপানের সীমানায়। সময় এসেছে মানুষকে সচেতন করার,” যোগ করেন মেনন।
সব সামাজিক ও রাজনৈতিক সংগঠনকে একজোট করে এ বিষয়ে পদক্ষেপ নেয়া প্রয়োজন বলেও তিনি মত দেন।
যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রচার চালাতে সরকারকে পরামর্শ দেন মেনন।
মোজাফফর হোসেন পল্টুর সভাপতিত্বে এ সভায় মূল প্রবন্ধ পাঠ করেন রাগিব হোসেন মুন্না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এইচএএইচ/জেকে/১৬০৫ ঘ.
bdnews24