ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হলমার্কের অর্থ কেলেঙ্কারির ঘটনায় সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপক এ কে এম আজিজুর রহমানকে দায়ী করেছেন ব্যাংকটির পরিচালনা পর্ষদের সাবেক সদস্য কাশেম হুমায়ুন।
বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পরিচালনা পর্ষদের দায় অস্বীকার করেন দৈনিক সংবাদের এই নির্বাহী সম্পাদক।
সোনালী ব্যাংক থেকে হলমার্ক গ্রুপের অনিয়মের মাধ্যমে আড়াই হাজার কোটি টাকা ঋণ নেয়ার ঘটনা প্রকাশ পেলে তা নিয়ে দুর্নীতি দমন কমিশন তদন্ত শুরু করে।
কাশেম হুমায়ুন বলেন, “একে আমি ঋণ বলব না, এটা জালিয়াতি। সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখার তৎকালীন ম্যানেজার নিজ ক্ষমতার বলেই এই অর্থ ইস্যু করেছে।”
“সোনালী ব্যাংকের রূপসী বাংলা কার্যালয়ের পরিশোধিত মূলধনের পরিমাণ ১ হাজার কোটি টাকা। ব্যাংকের নিয়ম অনুযায়ী, একটি শাখা কার্যালয় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সর্বোচ্চ ৩০০ কোটি টাকা ঋণ দিতে পারে। সেখানে ৩ হাজার ৬০০ কোটি টাকা কীভাবে ইস্যু করা সম্ভব হল?”
সোনালী ব্যাংকের ওই শাখা থেকে হলমার্কের পাশাপাশি আরো কয়েকটি প্রতিষ্ঠানকেও ঋণ দেয়া হয়েছিল।
নিরীক্ষা কমিটির ভূমিকা সম্পর্কে কাশেম হুমায়ুন বলেন, “ইনল্যান্ড বিল পারচেজের (আইবিপি) মাধ্যমে এই অর্থ ইস্যু করা হয়েছে। ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আমাদের যে কাগজপত্র-তথ্য দিয়েছে, তাতে আমরা এ সংক্রান্ত কোনো মেমো দেখতে পাইনি। তাই দাপ্তরিকভাবে বিষয়টি অডিট কমিটির নজরে আসেনি।”
এ কে এম আজিজুর রহমানের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “নিয়ম অনুযায়ী কোন ব্রাঞ্চ কর্মকর্তার একটি নির্দিষ্ট ব্রাঞ্চে একটানা তিন বছরের বেশি থাকার অনুমতি নেই। কিন্তু ওই শাখার কোনো কোনো কর্মকর্তা ৫ বছর পর্যন্ত ছিলেন।”
তবে সোনালী ব্যাংকের নিয়ম অনুযায়ী যে কোনো শাখা অফিসে ছয় মাস অন্তর নিরীক্ষা হওয়ার কথা থাকলেও গত দেড় বছরে কী কারণে নিরীক্ষা হয়নি- জানতে চাইলে কাশেম হুমায়ুন বলেন, “এ ব্যাপারে আমি কিছু জানি না।”
ব্যাংকের নিয়ম ভঙ্গ করে ব্যবস্থাপকের একটানা ৫ বছর রূপসী বাংলা শাখায় থাকার ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব কাজ করেছিল কি না- জানতে চাওয়া হলে সে প্রশ্নের উত্তর এড়িয়ে যান ব্যাংক পরিচালনা পর্ষদের সাবেক এই সদস্য।
পরিচালনা পর্ষদের সদস্যদের বক্তব্যের বিষয়ে দুদক কমিশনার সাহাবুদ্দিন সাংবাদিকদের বলেন, “আত্মপক্ষ সমর্থনের জন্য যে কেউ যে কোনো কথা বলতে পারেন। এই ঘটনায় তাদের দায় কতটুকু, তা তদন্ত কর্মকর্তাদের তথ্য যাচাই-বাছাইয়ের পরই জানা যাবে।”
বৃহস্পতিবার কাশেম হুমায়ুনসহ সোনালী ব্যাংক পরিচালনা পর্ষদের আরো তিন সদস্যসহ মোট পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে দুদক। তারা হলেন- শহীদুল্লাহ মিয়া, কাজি বাহারুল ইসলাম, সাইমুম সারোয়ার এবং ব্যাংকের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দত্ত।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাশেম হুমায়ুন, শহীদুল্লাহ মিয়া এবং সাইমুম সারোয়ার দুদক কার্যালয়ে উপস্থিত হন। অসুস্থতার কারণে কাজি বাহারুল এবং ‘অজ্ঞাত’ কারণে প্রদীপ কুমার দত্ত অনুপস্থিত ছিলেন।
অনুপস্থিত থাকলেও প্রদীপ কুমার দত্ত নিজ বক্তব্য লিখিতভাবে তদন্ত কর্মকর্তাদের দিয়েছেন বলে জানিয়েছেন প্রণব।
এই পর্যন্ত ৭৮ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে জানিয়ে দুদক কমিশনার বলেন, “দুদকের অনুসন্ধান প্রায় শেষ। জিজ্ঞাসাবাদের মাধ্যমে যে তথ্য পাওয়া গেছে, তা যাচাই-বাছাই করা হবে। তারপরই সিদ্ধান্ত নেয়া হবে, এদের মধ্যে এক অভিযুক্ত হবেন এবং কে সাক্ষী।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এমআই/২২২৫ ঘ.
bdnews24