২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কক্সবাজারে বায়ুচালিত বিদ্যুৎ কেন্দ্র হবে’

পরিবেশবান্ধব পর্যটন নিশ্চিত করতে আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে কক্সবাজারে ৬০ মেগাওয়াটের একটি বায়ুচালিত বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী মোহাম্মদ ফারুক খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2012, 04:06 PM

Updated : 24 Aug 2022, 12:13 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশবান্ধব পর্যটন নিশ্চিত করতে আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে কক্সবাজারে ৬০ মেগাওয়াটের একটি বায়ুচালিত বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী মোহাম্মদ ফারুক খান। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীতে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় তিনি একথা জানান। পর্যটনমন্ত্রী বলেন, “দেশের উপকূলীয় অঞ্চলে বায়ুচালিত বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য পর্যাপ্ত বায়ু রয়েছে। ৩০টি টার্বাইন বিশিষ্ট এ বিদ্যুৎ কেন্দ্রটি আগামী তিন মাসের মধ্যে পরীক্ষামূলকভাবে কাজ শুরু করবে। এর মাধ্যমে পর্যটন নগরী কক্সবাজারে বিদ্যুতের চাহিদা পূরণ করা হবে।” এছাড়া পরিবেশবান্ধব পর্যটনসামগ্রী আমদানিতে শুল্কমুক্ত সুবিধা দেয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান পর্যটনমন্ত্রী। তিনি বলেন, “পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে অর্থমন্ত্রণালয়ে এ সংক্রান্ত একটি প্রস্তাবনা দেয়া হয়েছে। অর্থমন্ত্রী আমাকে কথা দিয়েছেন, আশা করি সামনের বছরের শুরুর দিক থেকে পরিবেশবান্ধব পর্যটনে বিনিয়োগকারীরা এ সুবিধা ভোগ করতে পারবেন।” বাংলাদেশের পর্যটন শিল্পকে বিশ্বের কাছে তুলে ধরার লক্ষ্যে প্রতিষ্ঠিত বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের কার্যক্রমে হতাশা প্রকাশ করলেও আগামীতে তারা ভালো করবে বলে আশা প্রকাশ করেন পর্যটনমন্ত্রী। আলোচনা সভায় পর্যটন দিবসের মুল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ মনিটর পত্রিকার সম্পাদক কাজী ওয়াহেদুল আলম। ‘পর্যটন ও নবায়নযোগ্য জ্বালানি: টেকসই উন্নয়নের নিয়ামক’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে এদিন বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও বিশ্ব পর্যটন দিবস পালন করা হয়। ১৯৮০ সালে জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা ২৭ সেপ্টেম্বরকে পর্যটন দিবস ঘোষণা করে। এরপর থেকে অন্যান্য দেশের মতো বাংলাদেশও নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে আসছে। এর আগে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বিশ্ব পর্যটন দিবসের শোভাযাত্রা উদ্বোধন করেন পর্যটনমন্ত্রী ফারুক খান। শোভাযাত্রাটি টিএসসি থেকে দোয়েল চত্বর হয়ে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা ও আলোচনা সভায় অন্যদের মধ্যে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মাকসুদুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক পর্যটন মেলা বিশ্ব পর্যটন দিবসে রাজধানীতে তিন দিনের আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু হয়েছে। মেলা চলবে আগামী শনিবার পর্যন্ত। বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেলার উদ্বোধন করেন পর্যটনমন্ত্রী ফারুক খান। বাংলাদেশ ফাউন্ডেশন অব ট্যুরিজম ডেভেলপমেন্ট আয়োজিত এ মেলায় ১২টি দেশের মোট ১৫০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে। মেলায় প্রবেশ মূল্য ধরা হয়েছে ২০ টাকা। তবে শিক্ষার্থীরা ১০ টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে পারবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এএইচ/২২০৩ ঘ.