ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাহাড়ি ঢলে যমুনা, ব্রহ্মপুত্রসহ বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তীব্র ¯্রােতে নদীগর্ভে বিলীন হয়ে গেছে কয়েক হাজার বাড়িঘর।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ৭৩টি পয়েন্টের মধ্যে ৪১টি পয়েন্টে পানি বৃদ্ধি পেয়েছে। চিলমারি পয়েন্টে ব্রহ্মপুত্র, গাইবান্ধা পয়েন্টে ঘাগট, বাহাদুরবাদ, সিরাজগঞ্জ ও আরিচা পয়েন্টে যমুনা, গোয়ালন্দ ও ভাগ্যকূল পয়েন্টে পদ্মা বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
আগামী ২৪ ঘণ্টায় বাড়তে পারে বহ্মপুত্র-যমুনা, পদ্মা ও মেঘনা নদীর পানি।
আমাদের সিরাজগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সিরাজগঞ্জে নদীভাঙন তীব্র আকার ধারণ করেছে। গত কয়েকদিনে নদীগর্ভে হারিয়ে গেছে প্রায় ২ হাজার বাড়িঘর।
বৃহস্পতিবারও যমুনার পানি ১৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। সকালে সিরাজগঞ্জ পয়েন্টে যমুনার পানি বিপদসীমার ৪৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
সেইসঙ্গে অভ্যন্তরীণ করতোয়া, বড়াল, গুমানী, ইছামতি, ফুলজোড়সহ অন্যান্য নদ-নদীর পানিও বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধির কারণে উত্তরে কাজিপুর, সিরাজগঞ্জ সদর ও দক্ষিণ চৌহালী এলাকায় নদীভাঙন তীব্র আকার ধারণ করেছে। বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে সাড়ে ৫ হাজার হেক্টর জমির ফসল।
গাইবান্ধা প্রতিনিধি জানান, ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় গাইবান্ধার বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে এবং নদী ভাঙ্গনের তীব্রতাও বেড়েছে। জেলায় ৫ উপজেলার ৫৫ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ২৯টি স্কুলে ঘোষণা করা হয়েছে ছুটি।
ঘাঘট নদীর পানির চাপে কুপতলা ইউনিয়নের কিসামত বালুয়ায় কালভার্ট ও রাস্তা ভেঙে গেছে। ভাঙা অংশ দিয়ে প্রবল বেগে পানি প্রবেশ করে কুপতলা ইউনিয়নের কিসামত বালুয়া, চাপাদহ, নলিগলি, বালুয়া, নারায়ণপুর, দুর্গাপুর, রথেরবাজার ও ঝিনিয়া গ্রাম প্লাবিত হয়েছে। খোলাহাটী-চাপাদহ-সাদুল্লাপুর-জয়েনপুর সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
গত ২৪ ঘণ্টার ব্রহ্মপুত্র নদের পানি ৭৬ সেন্টিমিটার ও ঘাঘট নদীর ২৬ সেমি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে গত ২৪ ঘণ্টায় তিস্তা ও করতোয়া নদীর পানি কমেছে।
গাইবান্ধা জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক জানান, বন্যায় চার উপজেলার ১০ হাজার ৮৫০ হেক্টর রোপা আমন এবং ১২০ হেক্টর সবজি ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। বন্যা কবলিত মানুষের মধ্যে জেলা প্রশাসন থেকে ১০০ মেট্রিক টন চাল ও নগদ ৫ লাখ টাকা বিতরণ করা হয়েছে ।
জামালপুর প্রতিনিধি জানান, জেলার বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। যমুনার পানি বাহাদুরাবাদ পয়েন্টে বিপদসীমার ৯৫ সেমি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে ব্রহ্মপুত্র, ঝিনাই, জিঞ্জিরাম, দশআনী নদীরও।
বন্যা কবলিতদের মাঝে বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের তীব্র সংকট চলছে।
জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নিজামুল হক ভূঁইয়া জানান, জামালপুরের ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মেলান্দহ, মাদারগঞ্জ, বকশিগঞ্জ, জামালপুর সদর ও সরিষাবাড়ি উপজেলার ৩০টি ইউনিয়নে বন্যা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। এতে জেলার প্রায় দুই লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
এ ছাড়া যমুনা তীরবর্তী ইসলামপুর উপজেলার ৭টি ইউনিয়নের প্রায় সবকটি গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২১১৯ ঘ.
bdnews24