২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তথ্য কমিশনের বিকেন্দ্রীকরণের দাবি

সরকারি-বেসরকারি অফিস থেকে জনগণের সহজে তথ্যপ্রাপ্তির সুবিধার্থে তথ্য কমিশনের বিকেন্দ্রীকরণ ও তথ্য আর্কাইভকে ডিজিটাল করার দাবি উঠে এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2012, 07:36 AM

Updated : 24 Aug 2022, 12:13 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি-বেসরকারি অফিস থেকে জনগণের সহজে তথ্যপ্রাপ্তির সুবিধার্থে তথ্য কমিশনের বিকেন্দ্রীকরণ ও তথ্য আর্কাইভকে ডিজিটাল করার দাবি উঠে এসেছে। ‘তথ্য জানার অধিকার দিবস-২০১২’ উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর শিশু একাডেমী মিলনায়তনে এক সেমিনারে বক্তারা এসব দাবি তুলে ধরেন। ইন্সটিটিউট অব ইনফরমেটিক্স অ্যান্ড ডেভেলপমেন্টের (আইআইডি) নির্বাহী প্রধান সাঈদ আহমেদ বলেন, “জনগণের তথ্য পাওয়ার সুবিধার্থে তথ্য কমিশনকে বিকেন্দ্রীকরণ করতে হবে। বিভিন্ন তথ্যের ডিজিটালাইস্ড সংস্করণ তৈরি করে তা জনগণকে সরবারহ করতে হবে।” সেমিনারের উন্মুক্ত আলোচনায় বক্তারা তথ্য পাওয়ার জন্য নির্ধারিত ফরম সব অফিস থেকে সরবারহ, দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তার নাম ও মোবাইল নম্বর ধারাবাহিকভাবে পত্রিকায় প্রকাশ এবং তথ্য কমিশনের কার্যক্রমকে সারাদেশে বিস্তারের দাবি জানান। ভারপ্রাপ্ত প্রধান তথ্য কমিশনার মো. আবু তাহের জানান, তথ্য অধিকার আইন সম্পর্কে জনগণকে আরো সচেতন করতে মোবাইল ফোনে বাংলায় এসএমএস পাঠানোর উদ্যোগ নেয়া হবে। তথ্য কমিশনার অধ্যাপক সাদেকা হালিম বলেন, “সব প্রতিষ্ঠানে দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তার জন্য পদ নেই। বিভিন্ন অফিসের তথ্য কর্মকর্তারা অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।” তথ্য অধিকার আইনে ২০১০ সালে ২৫ হাজার ৪১০টি এবং ২০১১ সালে ৭ হাজার ৮০৮টি আবেদন হয়েছে বলে জানান তিনি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশে (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, তথ্য গোপন করার সংস্কৃতি থেকে তথ্য প্রকাশের সংস্কৃতিতে আসতে কিছুটা সময় লাগবে। ৪১টি বেসরকারি সংগঠন ও নয় জন ব্যক্তির সমন্বয়ে গঠিত ‘তথ্য অধিকার ফোরাম’ এ সেমিনারের আয়োজন করে। পরে প্রধান তথ্য কমিশনার একাডেমী প্রাঙ্গণে দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধন করেন। এতে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের প্রকাশনা বিক্রি ও প্রদর্শন করছে। সেমিনারে তথ্য অধিকার ফোরামের সমন্বয়কারী শাহীন আনাম ও কোস্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক রেজাউল করীম চৌধুরী বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এসইউ/১৩২১ ঘ.