ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উদ্ভাবনী প্রতিযোগিতার আয়োজন করেছে মোবাইল অপারেটর বাংলালিংক।
দ্বিতীয়বারের মতো আয়োজিত ‘আইডিয়া জেনারেশন’ নামের এ প্রতিযোগিতার এ বছরের প্রস্তাবিত শিরোনাম ‘মোবাইল এপ্লিকেশনের মধ্যদিয়ে মোবাইল ইন্টারনেটভিত্তিক সেবা সুবিধা’।
বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে এই প্রতিযোগিতা শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির স্কুল অফ বিজনেসের ডিন অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী, বাংলালিংকের সিনিয়র পরিচালক (বিপণন) শিহাব আহমেদ প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগ্রহীরা বাংলালিংকের ফেসবুক ফ্যান পেজ ‘বাংলালিংকমেলা’র মাধ্যমে নিবন্ধন করে তাদের উদ্ভাবনী ভাবনা পাঠাতে পারবে।
২৭ সেপ্টেম্বর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত নাম জমা দেওয়া যাবে। শিক্ষার্থীদের পাঠানো প্রকল্পগুলো থেকে বাছাই তালিকা তৈরি করা হবে। চূড়ান্তÍ আয়োজনের দিন বাছাই তালিকা থেকে সেরা তিনটি প্রকল্প নির্বাচন করা হবে।
প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল ২ লাখ টাকা পুরস্কার পাবে। প্রথম ও দ্বিতীয় রানার্সআপ পাবে যথাক্রমে দেড় লক্ষ টাকা এবং এক লক্ষ টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এফএস/এসইউ/১২৪৭ ঘ.
bdnews24