ঝিনাইদহ, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ সদর উপজেলায় জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এতে আরো অন্তত ১০ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার রামনগর গ্রামে এ সংঘর্ষে রামনগর গ্রামের মশারফ বিশ্বাসের ছেলে মইনুল হোসেন (৩৫) ঘটনাস্থলে নিহত হন বলে জানিয়েছে পুলিশ।
অপর নিহত নজরুল ইসলাম ওই গ্রামের হাতেম আলীর ছেলে।
তাকে আহত অবস্থায় প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে পরে যশোর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন ঝিনাইদহ সরদ থানার পরিদর্শক (তদন্ত) শোনিত কুমার গায়েন।
তিনি বলেন, “নিহতরা পরস্পরের চাচাত ভাই। তারা দুজন দু’পক্ষের নেতৃত্বে ছিলেন।”
অন্য আহতরা আত্মগোপন করেছে বলেও জানান এ পরিদর্শক।
বেতাই পুলিশ ক্যাম্পের উপ পরিদর্শক (এসআই) ওহিদুর রহমান জানান, জমি নিয়ে শরিকদের সঙ্গে মইনুলদের বিরোধ চলছিল।
“সকালে এক পক্ষ জমি দখল করতে গেলে আরেক পক্ষ বাধা দেয়।”
এ সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই মইনুল নিহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১২৪০ ঘ.
bdnews24