কক্সবাজার, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের টেকনাফে এক বিএনপি নেতার বাবাকে আটকের জেরে এলাকাবাসী থানা ঘেরাও করেছে।
বুধবার রাতে উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ বাবা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী আহমদকে পুলিশ থানায় নিয়ে যায়।
এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় তাদের কয়েকহাজার সমর্থক থানা ঘেরাও করে।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি করলেও কয় রাউন্ড করেছে তা জানা যায়নি।
উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৩১ অগাস্ট একটি টেলিভিশন চ্যানেলে ইয়াবা সংক্রান্ত একটি প্রতিবেদন প্রচারিত হয়। ওই প্রতিবেদনে তার সাক্ষাৎকার নেয়া হয়েছিল।
এর জেরে সন্ধ্যার পর সরকার দলীয় কয়েকজন নেতাসহ একদল সন্ত্রাসী তাদের মালিকাধীন টেকনাফ বাজারে আলী আহমদ মার্কেটে যায়।
তারা তার বাবার অফিসে গিয়ে টিভিতে সাক্ষাৎকার দেয়ার কারণ জানতে চাইলে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা তার বাবাকে তুলে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে কক্সবাজারে পুলিশ সুপার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকরাউন্ড গুলিবর্ষণ করেছে। তবে কয় রাউন্ড করেছে তা তিনি বলেননি।
পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৫৩ ঘ.
bdnews24