২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিস্তা এক্সপ্রেসে ভাংচুর, চালকসহ আহত ১২

নির্ধারিত ট্রেন আসতে দেরি হওয়ায় গাজীপুরের টঙ্গী স্টেশনে অপেক্ষমাণ যাত্রীরা অপর একটি ট্রেনে হামলা চালিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2012, 02:42 PM

Updated : 24 Aug 2022, 12:13 PM

গাজীপুর, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্ধারিত ট্রেন আসতে দেরি হওয়ায় গাজীপুরের টঙ্গী স্টেশনে অপেক্ষমাণ যাত্রীরা অপর একটি ট্রেনে হামলা চালিয়েছে। স্টেশন কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় জামালপুরগামী তিস্তা-১ এক্সপ্রেস ট্রেনে ভাংচুর চালায় ঢাকাগামী তুরাগ এক্সপ্রেসের যাত্রীরা। এতে চালকসহ কমপক্ষে ১২ যাত্রী আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী তুরাগ এক্সপ্রেসকেকে পার্শ্ববর্তী ধীরাশ্রম স্টেশনে দাঁড় করিয়ে রেখে জামলপুরগামী তিস্তা-১ এক্সপ্রেসকে স্টেশন অতিক্রম করতে দেওয়ার কারণেই বিক্ষুদ্ধ যাত্রীরা এই হামলা চালায়। ঢাকাগামী তুরাগ এক্সপ্রেসের যাত্রীরা খুব সকাল থেকেই স্টেশনে অপেক্ষা করছিলেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। টঙ্গীর স্টেশন মাস্টার মো. আবু তাহের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জয়দেবপুর থেকে তুরাগ এক্সপ্রেস সকাল ৭টা ৩৫ মিনিটে টঙ্গী জংশনে আসার কথা, কিন্তু তা আসতে দেরি হওয়ায় সাড়ে ৮টার দিকে যাত্রীরা তিস্তা-১ এক্সপ্রেস ট্রেনে ভাংচুর চালায়। হামলায় গুরুতর আহত চালক মো. ইয়াকুব আলী (৫০), পারভিন সুলতানা (৩২), সরাফত হোসেন (৩২), ও মরিয়মকে (১৫) স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয় বলে জানান স্টেশন মাস্টার। টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. এমদাদ জানান, হামলায় তিস্তা এক্সপ্রেসের চালকের সামনের কাঁচ ভেঙ্গে যায়। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। পরে তিস্তা-১ এক্সপ্রেসকে বসিয়ে রেখে তুরাগ এক্সপ্রেসকে টঙ্গী জংশন এলাকা অতিক্রমের সুযোগ দেয়া হয়। ঢাকা থেকে অন্য একজন চালক ইঞ্জিন নিয়ে এসে তিস্তা-১ ট্রেনটিকে সকাল ১০টায় গন্তব্যে নিয়ে যান বলে জানান এসআই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএস/এইচএ/২০৩৫ ঘ.