চাঁপাইনবাবগঞ্জ, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় মঙ্গলবার রাতে এক বাংলাদেশিকে পিটিয়ে গুরুতর আহত করেছে বিএসএফ জওয়ানরা।
বুধবার সকালে বিজিবির কাছে হস্তান্তর করার পর মুকুল (২৭) নামের ওই যুবককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুকুল (২৭) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পার চৌকা গ্রামের খালাফ আলীর ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ বিজিবি ৯ ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর আবু নাঈম বলেন, মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে শিবগঞ্জের চৌকা সীমান্তের ১৭৩ নম্বর সীমান্ত পিলারের কাছ দিয়ে মুকুল ও তার অপর এস সঙ্গী ভারতে প্রবেশ করেন।
এসময় মালদহ বিএসএফ ব্যাটালিয়নের দৌলতপুর ক্যাম্পের জওয়ানরা মুকুলকে আটক করে। তার অপর সঙ্গী পালিয়ে আসতে সক্ষম হয়।
মুকুলকে বিএসএফ সদস্যরা দৌলতপুর ক্যাম্পে নিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। বুধবার সকাল পৌনে ৯টার দিকে বিজিবির কাছে হস্তান্তর করে।
মনাকষা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ড সদস্য সাদিকুল ইসলাম বলেন, মুকুলকে প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/২০০৫ ঘ.
bdnews24