২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিলন হত্যা: শিমুল বিশ্বাসসহ ২৩ নেতাকর্মীর নামে মামলা

পাবনায় বিএনপিকর্মী মিলন হত্যার ঘটনায় খালেদা জিয়ার বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাসসহ ২৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2012, 12:41 PM

Updated : 24 Aug 2022, 12:12 PM

পাবনা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনায় বিএনপিকর্মী মিলন হত্যার ঘটনায় খালেদা জিয়ার বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাসসহ ২৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার রাতে সদর থানার মামলাটি দায়ের করেন বিএনপি কর্মী হিসেবে পরিচিত শহরের দক্ষিণ রাঘবপুর এলাকার বাদশা প্রামাণিকের ছেলে বাচ্চু প্রামাণিক। সোমবার পাবনায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষের সময় গুলিতে নিহত হন শহরের দক্ষিণ রাঘবপুর মহল্লার করিম বক্সের ছেলে মিলন হোসেন (৩০)। আহত হন ৩০ জন। সদর থানার ওসি আফজাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলার অপর আসামিদের মধ্যে রয়েছেন বিএনপির জেলা সভাপতি কে এস মাহমুদ, সাধারণ সম্পাদক খন্দকার হাবিবুর রহমান তোতা, সহসভাপতি আব্দুস সামাদ খান মন্টু, আব্দুল মান্নান মাস্টার, তৌফিক হাবিব, সাংগঠনিক সম্পাদক মাহমুদুন্নবী স্বপন, যুগ্ম সম্পাদক নূর মোহাম্মদ মাসুম বগা, রেহানুল ইসলাম বুলাল, দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম, যুবদল সভাপতি শেখ তুহিন, সাবেক যুগ্ম সম্পাদক আনিসুল হক বাবু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মনোয়ার হোসেন শামীম, জেলা ছাত্রদল সভাপতি হিমেল রানা, লালু কমিশনার, শিমুল বিশ্বাসের ভাই বাবুল বিশ্বাস ও টুটুল বিশ্বাস। বাকিদের নাম জানা যায়নি। এছাড়া অজ্ঞাত আরো চার-পাঁচশ জনকে আসামি করা হয়েছে বলে জানান ওসি। এ ব্যাপারে বিআইডব্লিটিসি’র সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, হেয় প্রতিপন্ন করতেই এই মামলা দেওয়া হয়েছে। ওইদিন তিনি খালেদা জিয়ার সঙ্গে দিনাজপুর ছিলেন। এটি ছাড়াও সংঘর্ষের সময় পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধার অভিযাগে সোমবার গভীর রাতে সদর থানায় আরো দুটি মামলা করে পুলিশ। তারপরই গ্রেপ্তার করা হয় জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ কর্মী মাহবুব, সাদ্দাম হোসেন, আব্দুল মোতালেব ও আব্দুল মোমিনকে। পরদিন আদালত হাজির করলে তাদের জেলহাজতে পাঠায়। পুলিশের ওপর হামলার অভিযোগে করা মামলায় আসামি করা হয়েছে ২৭ জনকে। আর দ্রুত বিচার আইনে করা দ্বিতীয় মামলায় ২৯ জনকে আসামি করা হয়। পুলিশের দায়ের করা দুই মামলাতেই জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে আসামি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮৩০ ঘ.