২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৯০০ কেজি ইলিশ আটক, পেল এতিমরা

মা ইলিশ ও জাটকা রক্ষা কার্যক্রমের অংশ হিসাবে ১১ দিন ইলিশ ধরা, সংরক্ষণ, পরিবহন ও বিক্রি নিষিদ্ধের প্রথম দিনে ঢাকাসহ সারাদেশে এক হাজার ৯০০ কেজি ইলিশ আটক হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2012, 11:19 AM

Updated : 24 Aug 2022, 12:12 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মা ইলিশ ও জাটকা রক্ষা কার্যক্রমের অংশ হিসাবে ১১ দিন ইলিশ ধরা, সংরক্ষণ, পরিবহন ও বিক্রি নিষিদ্ধের প্রথম দিনে ঢাকাসহ সারাদেশে এক হাজার ৯০০ কেজি ইলিশ আটক হয়েছে। এর মধ্যে শুধু ঢাকা শহরেই উদ্ধার হয়েছে প্রায় এক হাজার ৬৬৯ কেজি ইলিশ। নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পুলিশ ও র‌্যাবের সহায়তা নিয়ে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা বিভিন্ন এলাকা থেকে এসব ইলিশ আটক করা করেন। ইলিশ সম্পদ সংরক্ষণ কর্মসূচির অংশ হিসেবে প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ ও জাটকা রক্ষা কার্যক্রমের আওতায় সরকার এ বছর ২৫ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত ১১ দিন উপকূলীয় ইলিশ প্রজনন এলাকাসহ সারাদেশে ইলিশ ধরা, পরিবহন, বিক্রি ও মজুদ নিষিদ্ধ করেছে। কার্যক্রম সফল করতে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে গঠিত তিনটি বিশেষ দল নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও র‌্যাবের সহযোগিতা নিয়ে ঢাকার বিভিন্ন মৎস্য আড়ৎ ও বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এরমধ্যে যাত্রাবাড়ী এলাকায় অভিযানে জুরাইন বাজার থেকে প্রায় এক হাজার ৬০০ কেজি অবৈধ ইলিশ আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম রেজা আটক করা ওই ইলিশ মহানগরীর বিভিন্ন এতিমখানায় বিতরণের নির্দেশ দেন। এ ছাড়া শোয়ারীঘাট, শিল্পকলা ফুটপাত বাজার ও নিউমার্কেট এলাকায় ভ্রাম্যমাণ আদালতে পরিচালিত হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরারজী দেশাই বর্মনের নেতৃত্বে। এতে শিল্পকলা ফুটপাত বাজার থেকে ৪৯ কেজি অবৈধ ইলিশ আটক করা হয়। শহিদুল হক পাটোয়ারীর নেতৃত্বে কাওরান বাজার এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ২০ কেজি ইলিশ জব্দ করেন। এ সময় তিনি দুইজন খুচরা ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করেন। মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক নির্মল রায় জানান, মৎস্য অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তারা নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও র‌্যাবের সহায়তায় অভিযান চালিয়ে নোয়াখালীর সূর্বণচরে ১১০টি (৮১ কেজি) এবং মাদারীপুরের শিবচরে ১৫০ কেজি অবৈধ ইলিশ আটক করেন। এসব ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/১৭১৮ ঘ.