সিরাজগঞ্জ, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় পিটুনিতে দণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামির মৃত্যু হয়েছে।
নিহত আব্দুল খালেক (৩৫) কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ক্ষুদ্রভদ্রঘাট গ্রামের আতাব আলীর ছেলে।
সোমবার রাতে ভদ্রঘাট ইউনিয়নের কালিবাড়ী বাজারে তাকে মারপিট করা হয়। পরে রাতেই সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে কামারখন্দ থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম সাকলাইন জানান।
তিনি জানান, দুটি ডাকাতিসহ মোট পাঁচটি মামলায় খালেকের ১৮ বছরের কারাদণ্ড হয়। এছাড়া অপহরণ ও অস্ত্র মামলাসহ তিনটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
এসআই সেলিম জানান, রাত ১০টার দিকে কালিবাড়ী বাজারে গেলে মারধরের শিকার হন খালেক। আহত খালেককে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেয় পুলিশ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১২টার দিকে তিনি মারা যান।
পূর্ব শত্রুতার জের ধরে খালেককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার মামাতো ভাই মধ্যভদ্রঘাট গ্রামের মো. আলী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “পূর্ব শত্রুতার জেরে খালেককে ধরে নিয়ে গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মারপিট করা হয়।”
“মধ্যভদ্রঘাট গ্রামের শুকুর আলী ছেলে লোকমান, শহীদুল, ফাজিল আলীর ছেলে মোক্তার, শামীম ও একই গ্রামের লতিফ, হাসমত, হাছেন ও নজরুল ইসলাম এ মারধর করে।”
ময়নাতদন্ত শেষে মঙ্গলবার দুপুরে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান সিরাজগঞ্জ সদর থানার ওসি সোহরাব আলী।
এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে জানিয়ে তিনি বলেন, “খালেকের মৃত্যুর জন্য কারো বিরুদ্ধে অভিযোগ করতে হলে তা কামারখন্দ থানায় করতে হবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৪৪৫ ঘ.
bdnews24