ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ ভিওআইপি ব্যবসা বিষয়ে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসির কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন নতুন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী সাহারা খাতুন।
একই সঙ্গে এই অবৈধ ব্যবসার সঙ্গে বিটিআরসির কেউ জড়িত থাকলে তাকে দ্রুত সরে আসারও নির্দেশ দেন তিনি।
মঙ্গলবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কার্যালয় পরিদর্শনের সময় সম্মেলন কক্ষে পরিচিতিমূলক অনুষ্ঠানে কর্মচারী-কর্মকর্তাদের উদ্দেশ্য এসব হুঁশিয়ারি উচ্চারণ করেন নতুন মন্ত্রী।
সাহারা খাতুন বলেন “বিভিন্ন পত্র-পত্রিকায় দেখতে পাচ্ছি, অবৈধ ভিওআইপি নিয়ে লেখা হচ্ছে সরকার মোটা অংকের রেভিনিউ (রাজস্ব) হারাচ্ছে। আমি বিশ্বাস করতে চাই, বিটিআরসির কর্মকর্তা-কর্মচারীরা এর সঙ্গে জড়িত নন। আর কেউ জড়িত থাকলে এখনই সরে আসবেন।”
অবৈধ ভিওআইপি ব্যবসা বন্ধ করে সরকারের রাজস্ব বাড়াতে বিটিআরসির কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগ নেয়ার আহ্বান জানান তিনি।
এ সরকারের সময় বেশি হারে লোকজন বিদেশে গিয়েছেন উল্লেখ করে মন্ত্রী প্রশ্ন তোলেন, “তারা যে কল করেন তা কোথায় যায়? যে পরিমাণ কল করা হয় তার রেভিনিউ আসে না কেন?”
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সফল মন্ত্রী ছিলেন কিনা তার বিচারভার জনগণের ওপর ছেড়ে দিয়ে মন্ত্রী বলেন, “নতুন মন্ত্রণালয়ের যে দায়িত্ব দেয়া হয়েছে সেখানে জনগণকে সেবা দেয়ার সুযোগ রয়েছে, ডিজিটাল বাংলাদেশ গড়তে আগামী এক বছর কাজ করে যাব।”
বিটিআরসির সূত্র জানায়, বৈধ আন্তর্জাতিক কলের পরিমাণ গড়ে প্রতিদিন প্রায় তিন কোটি মিনিট, যা আগে ৫ কোটি মিনিটের বেশি ছিল। বর্তমানে বৈধভাবে প্রতি মিনিটের আন্তজার্তিক কল থেকে তিন মার্কিন সেন্ট দেশে আসে। অবৈধ ভিওআইপির জন্য প্রতিদিন সরকার কয়েক কোটি টাকা হারাচ্ছে।
অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ সচিব সুনীল কান্তি বোস বলেন, “যে কোনো মূল্যে অবৈধ ভিওআইপি বন্ধ করা হবে।”
ভিএসপি (ভিওআইপি সার্ভিস প্রোভাইডার) লাইসেন্স দেয়ার প্রক্রিয়া চলছে বলে জানান সচিব।
আগামী বছর থেকে বেসরকারি অপারেটররা থ্রিজি সার্ভিস চালু করতে পারবে জানিয়ে তিনি বলেন, থ্রিজি নীতিমালা চূড়ান্ত করা হচ্ছে। আগামী ডিসেম্বর বা জানুয়ারীতে নিলাম অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ বক্তব্য রাখেন। এ সময় মন্ত্রণালয় ও বিটিআরসির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
গত ১৭ সেপ্টেম্বর ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব নেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এইচএএইচ/এএল/১৭২৯ ঘ.
bdnews24