২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সময়মতো ‘এসিআর’ না দিলে শাস্তি

নির্দিষ্ট সময়ের মধ্যে ‘বার্ষিক গোপনীয় অনুবেদন’ (এসিআর) জমা না দেওয়াকে ‘অসদাচরণ’ গণ্য করে বিভাগীয় শাস্তির ব্যবস্থা রেখে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন ‘এসিআর অনুশাসনমালা’ প্রণয়ন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2012, 04:59 AM

Updated : 24 Aug 2022, 12:12 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্দিষ্ট সময়ের মধ্যে ‘বার্ষিক গোপনীয় অনুবেদন’ (এসিআর) জমা না দেওয়াকে ‘অসদাচরণ’ গণ্য করে বিভাগীয় শাস্তির ব্যবস্থা রেখে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন ‘এসিআর অনুশাসনমালা’ প্রণয়ন করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আবদুস সোবহান সিকদার স্বাক্ষরিত এ অনুশাসনমালা সোমবার বিভিন্ন বিভাগ, মন্ত্রণালয় ও দপ্তরে বিতরণ করা হয়। এতে বলা হয়, কোনো কর্মকর্তা নির্দিষ্ট সময়ের মধ্যে এসিআর জমা না দিলে বা তাতে প্রতিস্বাক্ষর করা না হলে তা সংশ্লিষ্ট কর্মকর্তাদের ‘অসদাচরণ’ হিসাবে গণ্য করা হবে। এক্ষেত্রে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া যাবে। অনুশাসনমালায় বলা হয়, অনুবেদনযোগ্য বছর শেষে একজন কর্মকর্তা পরবর্তী বছরের ৩১ জানুয়ারির মধ্যে তার নিজস্ব কর্মকাণ্ডের মূল্যায়নের জন্য একটি বার্ষিক গোপনীয় অনুবেদন (এসিআর) তৈরি করবেন। প্রতিবেদন তৈরির পর তা নিয়ন্ত্রকারী কর্মকর্তা বা অনুবেদনকারী কর্মকর্তার স্বাক্ষরের জন্য জমা দেবেন। অনুবেদনকারী কর্মকর্তা স্বাক্ষর করে পরবর্তী ২৮ ফেব্রুয়ারির মধ্যে তা প্রতিস্বাক্ষরকারী কর্মকর্তার কাছে জমা দেবেন। প্রতিস্বাক্ষরকারী কর্মকর্তা ৩১ মার্চের মধ্যে নথিপত্রে সই করে সিল করা খামে গোপনীয় এ অনুবেদন সংরক্ষণকারী কর্তৃপক্ষ বা ডোসিয়ারের দপ্তরে পাঠাবেন। কোনো কর্মকর্তা নির্দিষ্ট সময়ের এক বছরের বেশি সময় পরে তার বার্ষিক গোপনীয় অনুবেদন জমা দিলে তা বাতিল বলে গণ্য হবে। এ ধরনের অনুবেদনে অনুবেদনকারী কর্মকর্তা বা প্রতিস্বাক্ষরকারী কর্মকর্তার স্বাক্ষর দেওয়া চলবে না। এক্ষেত্রে দেরিতে অনুবেদন জমা দেওয়া কর্মকর্তার বিরুদ্ধে অসদাচরণের দায়ে বিভাগীয় ব্যবস্থা নেওয়া যাবে। তবে কেউ নির্দিষ্ট সময়ে অনুবেদন জমা দেওয়ার পরও অনুবেদনকারী বা প্রতিস্বাক্ষরকারী কর্মকর্তা এক বছরের বেশি সময় পরে তা সংরক্ষণকারী কর্মকর্তার দপ্তরে পাঠালে সে জন্য এসিআর জমাকারী কর্মকর্তার কোন দায় থাকবে না। এক্ষেত্রে তাকে দায় থেকে অব্যাহতি দিয়ে গড় নম্বর দিতে হবে। বার্ষিক গোপনীয় অনুবেদনে ‘ঘষামাজা, কাটাছেড়া বা ফ্লুইড’ ব্যবহার করা যাবে না। তবে জরুরি প্রয়োজনে একটানে কেটে সংশোধনের পর সেখানে অনুস্বাক্ষর দিতে হবে। কোনো কর্মস্থলে কোনো কর্মকর্তা কমপক্ষে তিনমাস দায়িত্ব পালন করলে, ওই কর্মস্থলে তার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ তার অনুবেদন স্বাক্ষর করতে এবং ডোসিয়ার কর্তৃপক্ষের কাছে পাঠাতে পারবেন। এতে প্রত্যেক বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ের কর্মকাণ্ডের উল্লেখ থাকতে হবে। তবে জরুরি প্রয়োজনে কমপক্ষে তিনমাসের কর্মকাণ্ড নিয়েও অনুবেদন তৈরি করা যেতে পারে। এক্ষেত্রে নির্দেশ পাওয়ার সাতদিনের মধ্যে তা অনুবেদনকারী কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। অনুবেদনকারী ও প্রতিস্বাক্ষরকারী পরবর্তীতে সর্বোচ্চ ১৫ দিন করে সময় নিয়ে তাদের দায়িত্ব পালন করে অনুবেদনটি সংরক্ষণকারী কর্তৃপক্ষের কাছে পাঠাবেন। অনুশাসনমালা অনুযায়ী, ভারপ্রাপ্ত সচিবের দায়িত্বে নিয়োজিত অতিরিক্ত সচিব ও যুগ্ম-সচিবদের অনুবেদনকারী কর্তৃপক্ষ হবেন মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী। এক্ষেত্রে অনুবেদনের নথিপত্রে কোনো প্রতিস্বাক্ষরের প্রয়োজন হবে না। সাধারণভাবে অতিরিক্ত সচিবের অনুবেদনে সচিব ও ভারপ্রাপ্ত সচিব অনুবেদনকারী এবং মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী প্রতিস্বাক্ষরকারী কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। যুগ্ম-সচিবের ক্ষেত্রে সচিব, ভারপ্রাপ্ত সচিব ও অতিরিক্ত সচিব অনুবেদনকারী এবং মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী বা সচিব ও ভারপ্রাপ্ত সচিব প্রতিস্বাক্ষরকারী কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। উপসচিবের ক্ষেত্রে অতিরিক্ত সচিব ও যুগ্ম-সচিব অনুবেদনকারী এবং সচিব ও অতিরিক্ত সচিব প্রতিস্বাক্ষরকারী কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। জ্যেষ্ঠ সহকারী সচিব এবং সহকারী সচিবদের ক্ষেত্রে উপসচিব অনুবেদনকারী এবং অতিরিক্ত সচিব ও যুগ্ম-সচিব প্রতিস্বাক্ষরকারী কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। জ্যেষ্ঠ সহকারী প্রধান, সহকারী প্রধান এবং গবেষণা কর্মকর্তাদের ক্ষেত্রে উপসচিব বা উপ-প্রধান অনুবেদনকারী এবং অতিরিক্ত সচিব, যুগ্ম-সচিব বা যুগ্ম-প্রধান প্রতিস্বাক্ষরকারী কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। বিভাগীয় কমিশনারদের অনুবেদনে মন্ত্রিপরিষদ সচিব অনুবেদনকারী কর্মকর্তা হবেন। এক্ষেত্রে অনুবেদন প্রতিস্বাক্ষরের প্রয়োজন হবে না। জেলা প্রশাসকদের (ডিসি) অনুবেদনে বিভাগীয় কমিশনার অনুবেদনকারী এবং মন্ত্রিপরিষদ সচিব প্রতিস্বাক্ষর করবেন। অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) ক্ষেত্রে জেলা প্রশাসকরা অনুবেদনকারী এবং বিভাগীয় কমিশনার প্রতিস্বাক্ষরকারীর দায়িত্ব পালন করবেন। অন্যক্ষেত্রে নিজ নিজ নিয়ন্ত্রণকারী ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষই এসব দায়িত্ব পালন করবেন। চুক্তিভিত্তিক নিয়োজিত কর্মকর্তারা চুক্তির মেয়াদ শেষের এক বছর পর পর্যন্ত কোন কর্মকর্তার অনুবেদনে স্বাক্ষর করতে পারবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১০৫২ ঘ.