ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগে সোমবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভাংচুর চালিয়েছে এক রোগীর স্বজনরা।
কাঁটাবন বিশ্ববিদ্যালয় মার্কেটের মাছ (একুরিয়াম) ব্যবসায়ী ইউসুফ আলী রোববার সকালে পেটের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। সন্ধ্যা ৬টায় চিকিৎসকরা জানান, তিনি মারা গেছেন।
তার মৃত্যুর পরপরই স্বজনরা বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা কয়েকটি কক্ষের জানালা এবং হাসপাতাল প্রাঙ্গণে একটি গাড়ি ভাংচুর করে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালে বিশৃঙ্খলা দেখা দিলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ইউসুফের ছোট ভাই ইয়াকুব আলী সাংবাদিকদের জানান, তার ভাইয়ের পেট ব্যথার কারণ চিকিৎসকরা বুঝতে পারছিল না। দুপুরে তাকে অস্ত্রোপচার কক্ষে নেয়া হয়।
“বিকাল ৫টার দিকে তাকে অপারেশন থিয়েটার থেকে বের করে আইসিইইতে (নিবিড় পরিচর্যা কেন্দ্রে) নেয়া হয়। সন্ধ্যা ৬টার দিকে হঠাৎ করেই রোগী মারা গেছে বলে জানায় চিকিৎসকরা,” বলেন তিনি।
ইউসুফের কী অসুখ হয়েছে, কেন অস্ত্রোপচার কক্ষে নেয়া হয়েছিল, সে বিষয়ে চিকিৎসকরা কিছুই জানায়নি বলে দাবি করেন ইয়াকুব।
এ বিষয়ে হাসপাতালের চিকিৎসক মো. মোরশেদ সাংবাদিকদের জানান, “রোগীর অস্ত্রোপচার সফলভাবেই শেষ হয়েছিল। কিন্তু তার রক্তচাপ কম ছিল, এজন্য তাকে আইসিইউতে পাঠানো হয়।”
রক্তচাপ স্বাভাবিক করার চেষ্টা করাকালীন ইউসুফের মৃত্যু হয় বলে জানান চিকিৎসক শহীদ কামাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/০০১৭ ঘ.
bdnews24