মাদারীপুর, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের শিবচর উপজেলায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক সাংবাদিক।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যায় শিরচর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স সংলগ্ন মেডিনোভা ক্লিনিকে দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি প্রণব কুমার সাহা (৩৭) সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
সাংবাদিক প্রণব কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চিকিৎসার অবহেলায় নজিরন বেগম নামে এক প্রসূতির নবজাতক মারা গেছে অভিযোগ পেয়ে সন্ধ্যায় তিনি ওই ক্লিনিকে যান। সোমবারই নজিরন ওই ক্লিনিকে ভর্তি হন।
তিনি বলেন, “খবর সংগ্রহের সময় জুয়েল নামে ক্লিনিকটির মালিকপক্ষের এক যুবক আমাকে এলোপাথাড়ি কিল-ঘুষি মারতে থাকে। পরে স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে।”
এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানান এই সাংবাদিক।
শিবচর থানার ওসি আবদুর রাজ্জাক এ বিষয়ে বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২৩৩০ ঘ.
bdnews24