২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে দুই যুবক খুন

যশোরে ছিনতাইয়ের টাকা উদ্ধারে গিয়ে এবং নারীঘটিত কারণে দুই যুবক খুন হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2012, 04:06 PM

Updated : 24 Aug 2022, 12:11 PM

যশোর, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরে ছিনতাইয়ের টাকা উদ্ধারে গিয়ে এবং নারীঘটিত কারণে দুই যুবক খুন হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। সোমবার শহরের সিটি কলেজ পাড়া ও সদর উপজেলার চুড়ামনকাটি থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। নিহতরা হলেন- সোহেল রানা (৩০) এবং মো. নুরুজ্জামান (৩৮)। রানা শহরের বকচর এলাকার তোতা মিয়ার ছেলে এবং নুরজ্জামান সদর উপজেলার মধ্য বাগডাঙ্গা গ্রামের আনসার আলীর ছেলে। এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। যশোর কোতোয়ালি মডেল থানার ওসি গোলাম রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার দুপুরে শহরের মনিহার এলাকায় সোহেল রানার কাছ থেকে টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এ সময় তিনি ছিনতাইকারীদের চিনে ফেলেন। রাতে তিনি টাকা উদ্ধারের জন্য ওই জায়গায় গিয়ে আর ফিরে আসেননি। সোমবার সকালে রানার লাশ সিটি কলেজের পেছন থেকে উদ্ধার করে পুলিশ। দুর্বৃত্তরা তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে। ঘটনায় জড়িত থাকার সন্দেহে সিটি কলেজ পাড়া এলাকার ছিনতাইকারী সুমন ওরফে শান্তকে আটক করা হয়েছে বলে জানান ওসি। এদিকে নারীঘটিত কারণে খুন হওয়া নুরজ্জামানের লাশ সকালে চুড়ামনকাটি রেল লাইনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বলে জানান সাজিয়ালি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম। তিনি জানান, নুরুজ্জামান দীর্ঘদিন সিঙ্গাপুরে ছিলেন। প্রায় তিনমাস আগে তিনি দেশে ফিরে আসেন। দেশে ফেরার পর নারীঘটিত বিষয় নিয়ে এলাকায় কিছু লোকের সঙ্গে তার বিরোধ হয়। এর জের ধরেই তাকে খুন করা হয়েছে বলে নিহতের পরিবার পুলিশকে জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১৫৮ ঘ.